শাহীন নয়, ভারতকে বিপদে ফেলবে হারিস রউফ, মনে করছেন অধিনায়ক বাবর

বিবিএলে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলায় এমসিজি হারিস রউফের হোম গ্রাউন্ড

Haris Rauf
Haris Rauf. (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে ভালো খেলবেন পেসার হারিস রউফ, মত পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। টি-টোয়েন্টিতে দুই দলের মধ্যে শেষ তিন ম্যাচের মধ্যে দুটিতে বিজয়ী হওয়ায় মেন ইন গ্রিন ম্যাচের আগে আত্মবিশ্বাসী হবে।

বাবর মনে করেন যে রউফের জন্য এমসিজি তাঁর হোম গ্রাউন্ডের মতো, কারণ তিনি মেলবোর্ন স্টার্সের হয়ে তিন মরসুম খেলেছেন। বিবিএলে মেলবোর্ন স্টার্সের হয়ে পাকিস্তানের এই পেসারের দুর্দান্ত পারফর্ম্যান্স ছিল এবং তিনি ১৮ ম্যাচে ৩০ উইকেট নিয়েছিলেন। তিনি নিয়মিত ১৫০+ কিমি ঘণ্টা বেগে বোলিং করছেন এবং অস্ট্রেলিয়ার পেস সহায়ক পিচে এই গতি ২৮ বছর বয়সী পেসারের সাফল্যর কারণ হতে পারে। তিনি ইচ্ছামতো বাউন্সার ও ইয়র্কার করার ক্ষমতাও রাখেন।

পাকিস্তান গত কয়েক মাসে শাহীন শাহ আফ্রিদিকে পায়নি কারণ তিনি হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন। তাঁর অনুপস্থিতিতে রউফ নিজের কাঁধে পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন এবং সেই দায়িত্বে তিনি সফল হয়েছেন। বাবর প্রকাশ করেছেন যে রউফ ইতিমধ্যেই সতীর্থদের সঙ্গে এমসিজির কন্ডিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করেছেন।

“বিবিএলে খেলায় সে কন্ডিশন ভালো করেই জানে। এটা আক্ষরিক অর্থেই তার হোম গ্রাউন্ড। বোলার ও ব্যাটারদের কাছে সে অনেক তথ্য দিয়েছে। বোলার হিসেবে সে যেভাবে উন্নতি করেছে, পেস বিভাগকে নেতৃত্ব দিয়েছে, তাতে শাহীনের অনুপস্থিতি অনুভব করতে দেয়নি, সে আমাদের অনেক সাহায্য করছে,” ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাবর বলেছেন।

“মিডল অর্ডার ব্যাটারদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে” – বাবর আজম

সাম্প্রতিক সময়ে তাদের মিডল অর্ডার ধারাভিকভাবে পারফর্ম না করায় পাকিস্তান ব্যাটিং অর্ডারকে তাদের ওপেনিং জুটির উপর ব্যাপকভাবে নির্ভর করতে হচ্ছে। যদিও, বাবর দলের মিডল অর্ডারের উপর তাঁর বিশ্বাস প্রদর্শন করেছেন এবং তাঁর মতে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে যে কোনও কিছু ঘটতে পারে।

“টি-টোয়েন্টিতে যে কোন দিন যে কোন খেলোয়াড় আমাদের চমকে দিতে পারে। যে কোন খেলোয়াড় ম্যাচ জেতাতে পারে। আমার মিডল অর্ডার ব্যাটারদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে কারণ তারা আমাদের প্রচুর ম্যাচ জিতিয়েছে এবং কঠিন সময়ে পারফর্ম করেছে। যে কোন কিছু ঘটতে পারে এবং আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে,’ যোগ করেছেন বাবর।

close whatsapp