পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কোহলি – “আমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি”

ফর্ম ফিরে পাওয়া কোহলি পাকিস্তানের বিরুদ্ধে একটি বড় ইনিংসের প্রত্যাশা রাখবেন

Virat Kohli
Virat Kohli. (Photo by Pankaj Nangia/Getty Images)

টি-২০ বিশ্বকাপ স্বাভাবিকভাবেই তীব্রতার সঙ্গে শুরু হয়েছে এবং সেই তীব্রতা আরও কয়েক গুণ বাড়তে দেখা যাবে যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে আগামী ২৩শে অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে ম্যাচ নিয়ে চাপ থাকবে ঠিকই, তবে দুই দলের সমর্থকদের মধ্যেও উত্তেজনা থাকবে তুঙ্গে। ফলে ম্যাচকে ঘিরে একটি অনবদ্য পরিবেশ সৃষ্টি হবে।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচেও উদ্দীপনা থাকে প্রবল, তবে দুই দল দ্বি-পাক্ষিক সিরিজেও মুখোমুখি হওয়ায় দুই দলের সমর্থকদের অপেক্ষা কখনই দীর্ঘ হয় না। কিন্তু ভারত ও পাকিস্তান কেবল বহু-দেশীয় টুর্নামেন্টেই একে অপরের বিরুদ্ধে খেলায় এই ম্যাচগুলি ঘিরে সমর্থকদের মধ্যে ভিন্ন স্তরের উনামদনা থাকে। দুই দলের মধ্যে শেষবার ম্যাচ হয়েছিল ৪ঠা সেপ্টেম্বর যখন এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল।

এই ম্যাচের আগে বিরাট কোহলি জানিয়েছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১ লক্ষ সমর্থকের সামনে খেলার অনুভূতি সম্পর্কে। স্টার স্পোর্টসে কথা বলার সময় তিনি বলেছেন, “খেলার চেয়েও বেশি, আমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি (১ লাখ সমর্থকের সামনে খেলছি)। শেষবার আমি এমন একটি মুহূর্ত অনুভব করেছিলাম ইডেন গার্ডেন্সে যেখানে আমার মনে হয় প্রায় ৯০ হাজার দর্শক এসেছিল। স্টেডিয়াম পরিপূর্ণ ছিল। আমি যখন বাইরে বের হলাম, সেখানে কিংবদন্তীরা ছিলেন যেমন সচিন তেন্ডুলকার, সুনীল গাভাস্কার, কপিল দেব, ওয়াসিম আক্রাম এবং ওয়াকার ইউনিস।”

বিশ্বকাপের ম্যাচের সময় অন্যরকম পরিবেশ তৈরি হয়: বিরাট কোহলি

ভারত ও পাকিস্তানের মধ্যে টি-২০ ম্যাচের প্রসঙ্গে, এখনও পর্যন্ত মাত্র ১১ ম্যাচে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে ভারত আটবার জিতেছে। বিশ্বকাপে নামার আগে উভয় দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। ভারত যেখানে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে ঘরোয়া সিরিজে হারিয়েছে, সেখানে পাকিস্তান নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে অস্ট্রেলিয়ায় এসেছে।

ভারত-পাকিস্তান ম্যাচ খুবই হাড্ডাহাড্ডি হয় এবং দুই দলই চাপের মধ্যে থাকে। কোহলি বলেছেন এমন অভিজ্ঞতাই তাঁর পছন্দ। “বিশ্বকাপে মোহালিতেও তাই হয়েছিল। বিশ্বকাপের ম্যাচের সময় অন্যরকম পরিবেশ তৈরি হয়। এটি একটি ভিন্ন অনুভূতি, এবং সেই চাপ উপলব্ধি করতে পারা, প্রত্যাশা তৈরী হওয়া- এসব হওয়া স্বাভাবিক। আমি সেই মুহূর্তগুলো ভালোবাসি। আসলে এই মুহূর্তগুলো পুরো অভিজ্ঞতারই অংশ। এই মুহূর্তগুলি বাঁচার জন্যই খেলা হয়।”

close whatsapp