টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড, অপসারিত জেসন রয়
পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে একইসঙ্গে
আপডেট করা - Sep 2, 2022 3:30 pm

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। ক্রিস ওকস এবং মার্ক উড চোট কাটিয়ে দলে ফিরে এসেছেন। ২০১০-এর পরে আবারও টি-২০ ফর্ম্যাটের মেগা ইভেন্টে সাফল্য পাওয়ার ব্যাপারে এই দুই পেসারের প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলকে সাহায্য করবে। উভয় পেসারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় ইংল্যান্ডের হয়ে শেষবার খেলেছিলেন। দলের অধিনায়ক থাকছেন জস বাটলার। বিশ্বকাপের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৯ সদস্যের একতি স্কোয়াড ঘোষণা করেছে
উল্লেখ্য, ইংল্যান্ডের তারকাখচিত দল থেকে বাদ পড়েছেন ওপেনার জেসন রয়। এই গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া দ্য হান্ড্রেডেও ফর্মে ছিলেন না তিনি। ছয়টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ১২.৬৬ গড়ে মাত্র ৭৮ রান করেছিলেন। অন্যদিকে, ওভাল ইনভিন্সিবলের হয়ে চার ইনিংসে তিনটি ডাক দিয়ে তাঁর দ্য হান্ড্রেড অভিযান শুরু করেছিলেন রয়।
রয়ের পরিবর্তে ওপেনার হিসেবে দেখা যেতে পারে ফিল সল্টকে
রয়ের সম্ভাব্য পরিবর্ত হিসেবে দলে রাখা হয়েছে ফিল সল্টকে, যিনি চারটি টি-টোয়েন্টি এবং আটটি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। জুনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁর প্রথম ওডিআই সেঞ্চুরিও করেছিলেন। রয়ের অবর্তমানে সাদা বলের অধিনায়ক জস বাটলারের সাথে অর্ডারের শীর্ষে জায়গা করে নিতে পারেন ফিল সল্ট। অথবা অধিনায়কের সঙ্গে ওপেনার হিসেবে দেখা যেতে পারে অভিজ্ঞ জনি বেয়ারস্টোকে।
এদিকে, সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হতে চলা পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সফরের জন্যও ইংল্যান্ড ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। মেন ইন গ্রিনের বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। কাফ মাসলের চোট থেকে সেরে ওঠা বাটলার সিরিজের শেষ পর্যায়ে দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে এবং তাঁর অনুপস্থিতিতে মইন আলি শুরুর দিকের ম্যাচগুলিতে নেতৃত্ব দেবেন। পাঁচজন আনক্যাপড খেলোয়াড়কেও দলে নেওয়া হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জোনাথন বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডাউইড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপ্লে, ডেভিড উইলে , ক্রিস ওকস, মার্ক উড।
রিজার্ভ: লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, টাইমাল মিলস।
পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মইন আলি (সহ-অধিনায়ক), হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কারান, বেন ডাকেট, লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, টম হেলম, উইল জ্যাকস, ডাউইড মালান, আদিল রশিদ, ফিল সল্ট , অলি স্টোন, রিস টপ্লে, ডেভিড উইলে, ক্রিস ওকস, লিউক উড, মার্ক উড।