‘বিশ্বকাপের ১০ দিন আগে বুমরাহকে হারানো’ নিয়ে অখুশি বোর্ড সভাপতি বিনির লক্ষ্য ইনজুরি ম্যানেজমেন্ট
বিনি বলেছেন, "খেলোয়াড়রা কেন এবং কীভাবে এত খারাপভাবে চোট পাচ্ছে তা সমাধান করতে হবে"
আপডেট করা - Oct 21, 2022 10:06 am

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-র নতুন সভাপতি রজার বিনি ভারতে উন্নত পিচ থাকার গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন এবং খেলোয়াড়দের নিয়মিত চোট পাওয়ার বিষয়টিও তুলে ধরেছেন। বিনি বলেছেন যে খেলোয়াড়দের চোটের পিছনে কারণ যাই হোক না কেন, এই বিষয়ে কিছু করা দরকার এবং সেটাই হবে তাঁর অগ্রাধিকার।
মঙ্গলবার (১৮ই অক্টোবর) মুম্বাইয়ে ৯১তম বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিসিসিআইয়ের নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হন এবং এই ভূমিকা নেওয়ার পরে তাঁর লক্ষ্য নির্ধারণ করতে বেশী সময় নেননি। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে খেলোয়াড়দের ধারাবাহিকভাবে চোটের সমস্যা মোকাবিলা করার দিকেই তাঁর মনোযোগ থাকবে।
এই মাসের শুরুতে পিঠের চোটের কারণে ভারত তাদের সিনিয়র পেসার জসপ্রিত বুমরাহকে হারিয়েছে, যা অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ তাদের প্রস্তুতিকে প্রভাবিত করেছে। ভারতীয় ম্যানেজমেন্ট তাঁর পরিবর্ত হিসাবে মহম্মদ শামিকে নির্বাচন করেছে।
বৃহস্পতিবার কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে বিনি বলেছেন যে বিশ্বকাপের দশ দিন আগে বুমরাহর মতো সিনিয়র পেসারকে হারানো ভারতীয় দলের জন্য কাঙ্ক্ষিত নয় এবং এমন পরিস্থিতি কখনওই হওয়া উচিত নয় যেখানে ম্যানেজমেন্ট পরিবর্ত খেলোয়াড় খুঁজতে শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করতে হয়।
“খেলোয়াড়রা কেন এবং কীভাবে এত খারাপভাবে চোট পাচ্ছে তা আমাদের সমাধান করতে হবে। কেন তারা এত সহজে ভেঙে পড়ছে তা আমাদের সমাধান করতে হবে। শুধু এখনই নয়, গত চার-পাঁচ বছরেও। এমন নয় যে আমাদের ভালো প্রশিক্ষক বা কোচ নেই। ধকল খুব বেশী হচ্ছে কিনা, বা তারা অনেক বেশী ফর্ম্যাটে খেলছে কিনা, সেই নিয়ে কিছু করা দরকার। এটাই আমার অগ্রাধিকার। বিশ্বকাপের ১০ দিন আগে বুমরাহকে হারানো ঠিক নয় এবং তারপর কে আসবে তার জায়গায়। এটি (সমাধান করা) গুরুত্বপূর্ণ,” বিনি বৃহস্পতিবার বলেছেন।
আমাদের পরিকাঠামোর দিকেও নজর দেওয়া দরকার: রজার বিনি
প্রাক্তন পেসার বিনি নিজেও বলেছেন যে ফাস্ট বোলারদের চোট এড়াতে ভারতের আরও ভালো পিচ দরকার। তিনি বলেছেন যে বর্তমান পিচগুলি পেসারদের জন্য অনুপযুক্ত। ভারতের জাতীয় দলের সেটআপের অংশ হতে চলা ঘরোয়া ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির ক্রমবর্ধমান সমস্যাটিও স্পষ্ট করেছেন তিনি। বিনি আশ্বস্ত করেছেন যে ঘরোয়া খেলোয়াড়দের এই মুহূর্তে কেন্দ্রীয় চুক্তির প্রয়োজন নেই কারণ তাদের দেখাশোনা ভালোভাবেই করা হয়।
“পিচগুলি এখনও খুব নিষ্প্রাণ, সেগুলো ফাস্ট বোলারদের জন্য অনুপযুক্ত। আমাদের পরিকাঠামোর দিকেও নজর দেওয়া দরকার। ৩০-৪০ হাজার ভক্ত স্টেডিয়ামে আসে (ভারতের ম্যাচে), তাদের জন্য আরামদায়ক ব্যবস্থা থাকতে হবে। ঘরোয়া খেলোয়াড়দের দেখাশোনা করা হয় খুব ভালোভাবে। তারা ভালো সুযোগ-সুবিধা পেয়েছে এবং তারা ভালো জায়গায় থাকে। আমি মনে করি না যে এই মুহূর্তে এর (চুক্তি) কোনো প্রয়োজন আছে,” যোগ করেন বিনি।