টি-২০ বিশ্বকাপ, ২০২২: আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

নজর থাকবে জিম্বাবোয়ের সিকান্দার রাজার দিকে

Team Ireland
Team Ireland. (Photo By Harry Murphy/Sportsfile via Getty Images)

সোমবার, ১৭ই অক্টোবর, হোবার্টের বেলেরিভ ওভালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর চতুর্থ ম্যাচে জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড মুখোমুখি হবে। উভয় দলই গ্রুপ বি-তে রয়েছে, যেখানে বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। দুই দল সাম্প্রতিক সিরিজগুলিতে খুবই ভালো পারফর্ম করেছে এবং জয় দিয়ে অবিযান শুরু করতে চাইবে।

জিম্বাবোয়ে এখনও পর্যন্ত যতবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে তাতে খুব বেশী প্রভাব ফেলতে পারেনি, তবে এই সংস্করণে প্রথম রাউন্ড অতিক্রম করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তাদের। তারা অনেক আত্মবিশ্বাসের সাথে আইসিসি ইভেন্টে নামবে। অগাস্টে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারিয়েছিল আফ্রিকান দেশ। তা ছাড়া, সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা।

অন্যদিকে, আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তমবারের জন্য উপস্থিত হবে এবং তারাও বিগত সিরিজগুলিতে শক্তিশালী দলগুলিকে ভালোমত টক্কর দিয়েছে। ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিততে না পারলেও বেশ কয়েকটি ম্যাচে জয় পাওয়ার দোরগোড়ায় ছিল। ক্রেগ ইয়ং চোটের কারণে বাদ পড়েছেন, তবে এই ম্যাচে জিম্বাবোয়েকে চ্যালেঞ্জ করার জন্য আয়ারল্যান্ডের যথেষ্ট গভীরতা রয়েছে।

পিচ কন্ডিশন

হোবার্টের পিচ ব্যাটিংয়ের জন্য ভালো তাই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা যেতে পারে। ১৬০-এর বেশী স্কোর করলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো সম্ভব।

উভয় দলের কম্বিনেশন

আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী এবং ১৮০ রানের স্কোর তাড়া করার ক্ষমতা রাখে তারা। অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নির সঙ্গে বর্ষীয়ান ওপেনার পল স্টার্লিংকে দেখা যাবে। মিডল অর্ডারে হ্যারি টেক্টরের মতো তরুণ মুখ থাকার পাশাপাশি জর্জ ডকরেল, মার্ক অ্যাডেইর রয়েছেন যাঁরা ছক্কা হাঁকানোর জন্য প্রসিদ্ধ।

সম্ভাব্য একাদশ: অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, লরক্যান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, সিমি সিং, মার্ক অ্যাডেইর, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি।

জিম্বাবুয়ে

খুব বেশী টি-২০ খেলার অভিজ্ঞতা না থাকলেও জিম্বাবুয়ে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা-অর্জনকারী পর্বে সব কটি ম্যাচ জিতেছিল। সিকান্দার রাজা স্বপ্নের ফর্মে রয়েছেন এবং তাঁর বাকি দুই অভিজ্ঞ ব্যাটার অধিনায়ক ক্রেইগ এরভিন ও শন উইলিয়ামসের উপর অনেক দায়িত্ব থাকবে।  লিউক জংওয়ে, ব্র্যাড ইভান্স, রিচার্ড ঙ্গারাভা, ব্লেসিং মুজারাবানির পেস বিভাগ অস্ট্রেলিয়ার পিচে কার্যকর হতে পারেন।

সম্ভাব্য একাদশ: মিল্টন শুম্বা, ক্রেগ এরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, শন উইলিয়ামস, রেজিস চাকাবভা (উইকেটকিপার), সিকান্দার রাজা, রায়ান বার্ল, লিউক জংওয়ে, ব্র্যাড ইভান্স, রিচার্ড ঙ্গারাভা, ব্লেসিং মুজারাবানি।

আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে হেড-টু-হেড

ম্যাচ – ৮ | আয়ারল্যান্ড – ৫ | জিম্বাবোয়ে – ৩

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ১৭ই অক্টোবর, ভারতীয় সময় দুপুর ১:৩০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

close whatsapp