আইপিএল ২০২৩-এর জন্য নিলামের সম্ভাব্য তারিখ এই বছরের ১৬ই ডিসেম্বর
পরের বছরের আইপিএল হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হবে
আপডেট করা - Oct 16, 2022 4:32 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী মরসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ২০২২ মরসুমে মেগা নিলামের জন্য দলগুলিতে অনেক পরিবর্তন এলেও পরবর্তী মরসুমের আগে মিনি নিলাম দেখা যাবে। এবং যদি প্রতিবেদনগুলি বিশ্বস্ত হয়, বিসিসিআই এই বছর ১৬ই ডিসেম্বর নিলাম করার পরিকল্পনা করছে।
এর পাশাপাশি মেগা নিলামের সময় বরাদ্দ ৯০ কোটি টাকা বাড়িয়ে এই বছর তা করা হচ্ছে ৯৫ কোটি৷ টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে মিনি নিলামটি ১৬ই ডিসেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।
আইপিএল ২০২৩ সংস্করণে ফিরে আসছে হোম ও অ্যাওয়ে ফর্ম্যাট
এদিকে, আইপিএলের পরবর্তী সংস্করণ হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরে আসতে চলেছে। গত তিনটি মরসুম কোভিড-১৯ ভাইরাসের কারণে প্রভাবিত হয়েছিল। ২০২০ সংস্করণটি সম্পূর্ণরূপে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করা হয়েছিল। এরপর ২০২১ মরসুম ভারতে শুরু হলেও বায়ো-বাবলের অভ্যন্তরে কোভিডের প্রকোপ বাড়ায় মাঝপথে টুর্নামেন্ট স্থগিত করতে হয়েছিল এবং পরে বাকী টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।
দেশে কোভিডের সম্ভাব্য তৃতীয় তরঙ্গের কারণে আইপিএল ২০২২-এর গ্রুপ পর্ব মুম্বাই ও পুনের চারটি কেন্দ্রর মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে ২০২৩ সালে স্বাভাবিকতা ফিরে আসছে এবং আইপিএলে হোম ও অ্যাওয়ে ফর্ম্যাট আবারও অবলম্বন করা হবে। বিদায়ী বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন।
“আইপিএলের পরের মরসুম হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরে যাবে যেখানে ১০টি দল তাদের নির্ধারিত কেন্দ্রে তাদের হোম ম্যাচ খেলবে,” গাঙ্গুলী বলেছিলেন। ২০২২-এর সংস্করণে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাত টাইটান্স তাদের প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হয়েছিল।