নেদারল্যান্ডস জাতীয় দলের কোচিং সদস্য হিসাবে যুক্ত হলেন গ্যারি কার্স্টেন ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান

১৬ই অক্টোবর ইউএই-র বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করবে নেদারল্যান্ডস

Gary Kirsten
Gary Kirsten. (Photo by Harry Trump/Getty Images)

অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসের জন্য উৎসাহদায়ক খবর। অভিজ্ঞ কোচ গ্যারি কার্স্টেন ও টি-২০ ক্রিকেটের বর্ষীয়ান খেলোয়াড় ড্যানিয়েল ক্রিশ্চিয়ান আইসিসি ইভেন্টের আগে ডাচদের কোচিং দলের সঙ্গে যোগ দেবেন। ডাচ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, নামিবিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে রাউন্ড ১ বাছাইপর্বের জন্য গ্রুপ এ মোকাবিলা করবে।

তারা ইতিমধ্যেই স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ১০ই অক্টোবর। সেই ম্যাচে ১৮ রানে হারে তারা। এরপর ১২ই অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মূল টুর্নামেন্টে নামার আগে। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলটি ১৬ই অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে।

ক্রিকেট কোচ হিসেবে কার্স্টেন সেরাদের একজন এবং ভারতের কোচ থাকাকালীন ২০১১ সালের বিশ্বকাপ জয় তাঁর কোচিং কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য। এরপরে দক্ষিণ আফ্রিকার কোচিং সেটআপের সঙ্গে বেশ কিছু বছর জড়িত ছিলেন। প্রোটিয়াদের হয়ে বড় কোন ট্রফি জিততে না পারলেও সেই সময় দক্ষিণ আফ্রিকা বেশ শক্তিশালী দল ছিল। আইপিএল ২০২২-এ গুজরাত টাইটান্সের মেন্টর হিসাবে কাজ করেছিলেন তিনি এবং টাইটান্স আইপিএলে তাদের প্রথম আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল। এখন তিনি একজন পরামর্শদাতা হিসাবে নেদারল্যান্ডস দলে যোগদান করতে আগ্রহী হয়েছেন এবং দলের দক্ষতার প্রশংসা করেছেন।

“আমি সত্যিই কেপটাউনে ডাচ দলের সাথে কাজ করা উপভোগ করেছি এবং আমি টি-টোয়েন্টি বিশ্বকাপে পরামর্শদাতা হিসাবে তাদের সাথে যোগ দেওয়ার জন্য উন্মুখ। আমি শিবিরের সময় তাদের দক্ষতা এবং পেশাদারিত্বের স্তরে মুগ্ধ হয়েছি। তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি বড় প্রভাব ফেলতে প্রস্তুত এবং সেই সঙ্গে তারা দৃঢ়প্রতিজ্ঞও,” কার্স্টেন আইসিসি দ্বারা উদ্ধৃত হয়েছেন।

ড্যানিয়েল ক্রিশ্চিয়ান কোচিং সেটআপের সাথে যুক্ত হয়েছেন

এদিকে, টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের একজন এবং সারা বিশ্বে প্রচুর টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ানো ড্যানিয়েল ক্রিশ্চিয়ানও নেদারল্যান্ডসের সঙ্গে যুক্ত হয়েছেন। ৩৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান তাঁর ব্যাটিং ও বোলিং, উভয় ক্ষেত্রেই অবদান রাখতে পারেন। তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি এবং অস্ট্রেলিয়ার কন্ডিশন তাঁর নখদর্পণে থাকায় নেদারল্যান্ডসের ক্রিকেটাররা উপকৃত হবেন।

“ছেলেদের সাথে পরিচিত হওয়ার জন্য আমার বেশ কয়েক সপ্তাহ কেটেছে এবং আমি অনুশীলনে প্রত্যেকের কাজের নীতিতে অত্যন্ত প্রভাবিত হয়েছি। মাঠে তাদের সাফল্য দেখতে পাওয়ার অপেক্ষায় আছি,” ক্রিশ্চিয়ান বলেছেন।

close whatsapp