টি-২০ বিশ্বকাপ নিয়ে গেইলের ভবিষ্যদ্বাণী – “ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল”

এর আগে দুবার টি-২০ বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ

Chris Gayle
Chris Gayle. (Photo by Francois Nel/Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বর্ষীয়ান ওপেনার ক্রিস গেইল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল সম্পর্কে একটি সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী মনে করেন ১৩ই নভেম্বর অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপার জন্য লড়াই করবে।

স্বাগতিক এবং গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ট্রফি তোলার অন্যতম দাবিদার হলেও, উইন্ডিজকে ফাইনালে যেতে হলে বেশ কিছু অঘটন ঘটাতে হবে। ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে যোগ্যতা-অর্জনকারী রাউন্ডের বাধা অতিক্রম করতে হবে। সেই বাধা টপকালে টুর্নামেন্টের সুপার ১২ পর্বেও বেশ কিছু শক্তিশালী প্রতিপক্ষের সম্মুখীন হতে হবে তাদের।

অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ সম্প্রতি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল। ২-০ ব্যবধানে সিরিজ জিততে অস্ট্রেলিয়াকে বিশেষ বেগ পেতে হয়নি। দৈনিক জাগরণের সাথে কথা বলার সময় গেইল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ফাইনালের ভবিষ্যদ্বাণী করে বলেছেন, “আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি ফাইনাল ম্যাচ হতে পারে।”

পোলার্ড, রাসেল ও ব্রাভোর না থাকা ওয়েস্ট ইন্ডিজকে প্রভাবিত করতে পারে, মনে করেন ক্রিস গেইল

ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা জামাইকান তারকা মনে করেন কাইরন পোলার্ড, ডোয়েন ব্রাভো ও আন্দ্রে রাসেলের অনুপস্থিতি উইন্ডিজ দলকে প্রভাবিত করবে। যদিও ডাউন আন্ডারে সাফল্য পাওয়ার ব্যাপারে এখনকার দলকে সমর্থন করেছেন ইউনিভার্স বস। 

“ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য এটা খুব কঠিন হবে কারণ দলের অধিনায়ক নতুন এবং দলে কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও ব্রাভো নেই। হ্যাঁ, এটা ঠিকই যে ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত খেলোয়াড়রা প্রতিভাবান এবং যে কোনও দলের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। সবাই জানে যে ম্যাচের দিনে কৌশলটি সঠিকভাবে প্রয়োগ করাটাই আসল। আশা করি দল ভালো খেলবে।”

ওয়েস্ট ইন্ডিজ ট্রফি তুললে, এটি হবে এই ফর্ম্যাটে তাদের তৃতীয় জয়। ড্যারেন স্যামির নেতৃত্বাধীনে ওয়েস্ট ইন্ডিজ ২০১২ ও ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে যথাক্রমে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা জিতেছিল।

close whatsapp