“সূর্যকুমারের ফর্ম কিছুটা উদ্বেগের বিষয়” – সিরিজ জয়ের পরে রসিকতা রোহিতের
অধিনায়ক বলেছেন, বুমরাহর পরিবর্ত খুঁজে বের করতে হবে
আপডেট করা - Oct 5, 2022 12:36 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর আগে ভারতীয় দলের বোলিং টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে, অধিকাংশ বোলারকেই ফ্যাকাশে দেখিয়েছে এবং পর পর দুই ম্যাচে ভারতীয় দল ২২০+ রান দিয়েছেন। জসপ্রিত বুমরাহ্ অস্ট্রেলিয়ার মেগা টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় টিম ইন্ডিয়ার সমস্যা আরও বেড়েছে এবং অধিনায়ক রোহিত শর্মা এখনও নিশ্চিত নন যে বুমরাহর জায়গায় কোন খেলোয়াড় দলে আসতে পারেন।
সিরিজের শেষ টি-টোয়েন্টি হেরে যাওয়ার পর, ম্যাচ-পরবর্তী সম্মেলনে রোহিত শর্মা জানিয়েছেন যে দলটি এখনও জসপ্রিত বুমরাহর বদলি খুঁজে পায়নি। তবে তার মধ্যেই রসিকতার মেজাজেও দেখা গেল তাঁকে। মুরালি কার্তিকের সাথে কথা বলার সময়, অস্ট্রেলিয়ায় মেগা টুর্নামেন্টের আগে তাঁর উদ্বেগের কথা জানানোর সময় রোহিত শর্মা সূর্যকুমারের নাম উল্লেখ করেছেন।
“উদ্বেগের কথা বলতে গিয়ে, সূর্যের ফর্ম কিছুটা উদ্বেগের বিষয় (হাসতে হাসতে),” ম্যাচ পরবর্তী উপস্থাপনায় ভারতীয় অধিনায়ক বলেছেন।
তবে সেই রসিকতার পরেই তিনি দলের মূল সমস্যা নিয়ে নিজের মত ব্যক্ত করেছেন। “বুমরাহ বিশ্বকাপের বাইরে; তার না থাকা বড় অভাব। আমাদের কাউকে খুঁজে বের করতে হবে, আমি জানি না সে কে, তবে অনেকেই আছে। আমরা অস্ট্রেলিয়ায় এই নিয়ে সিদ্ধান্ত নেব,” রোহিত বলেছেন।
“পাওয়ারপ্লে, মিডল ওভার ও ডেথ ওভারে আমরা আরও কী বিকল্প পেতে পারি তা দেখতে আমাদের বোলিং দেখতে হবে। আমরা এখনও এটি নিয়ে কাজ করছি। ছেলেদের অনেক বেশী স্পষ্টতা দরকার এবং এটা করা আমার কাজ,” অধিনায়ক যোগ করেছেন।
উমরান মালিক, কুলদীপ সেন এবং আর সাই কিশোর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের নেট বোলার হতে পারেন: রিপোর্ট
ভারতীয় খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত, এবং এরই মধ্যে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে উমরান মালিক, কুলদীপ সেন এবং আর সাই কিশোর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের নেট বোলার হিসেবে স্কোয়াডের সঙ্গে ভ্রমণ করবেন। যদিও দলের কোনো কর্মকর্তা এ ধরনের কোন মন্তব্য করেননি।
অন্যদিকে, জসপ্রিত বুমরাহের পরিবর্ত হওয়ার প্রধান দাবিদার মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং দীপক চাহার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলা সিরাজ তাঁর চার ওভারে ৪৪ রান দেন এবং কোনো উইকেট নিতে ব্যর্থ হন।
অন্যদিকে, চাহার সিরিজে তিনটি উইকেট নিয়েছেন এবং তাঁর ইকোনমি ৮.০০। এদিকে, শামি, যিনি সিরিজের আগে কোভিড পজিটিভ হয়েছিলেন এবং তিনি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতের হয়ে একটিও টি-টোয়েন্টি খেলেননি।