উইকেটকিপার-ব্যাটার হিসাবে কার্তিককেই পান্তের চেয়ে এগিয়ে রাখছেন প্রাক্তন জাতীয় নির্বাচক

তিনি বলেছেন ফিনিশারের ভুমিকায় কার্তিকের মতো কাউকে দরকার

Dinesh Karthik
Dinesh Karthik. (Photo Source: BCCI)

ভারতের উইকেটকিপার-ব্যাটার হিসাবে প্রথম একাদশে কার থাকা উচিত সেই নিয়ে এখনও কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। যখন থেকে উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক আইপিএল ২০২২-এ আরসিবির প্রতিনিধিত্ব করে একের পর এক চিত্তাকর্ষক পারফর্ম্যান্সের সৌজন্যে ভারতীয় দলে ফিরে এসেছেন, তখন থেকে ভারতীয় ম্যানেজমেন্ট তাঁকে এবং ঋষভ পান্তকে প্রথম একাদশে অদলবদল করে খেলিয়েছে এবং কোন কোন ম্যাচে দুজনকেই একসঙ্গে খেলানো হয়েছে।

অনেক প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞ এই বিষয়ে তাঁদের মতামত ভাগ করেছেন। ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার সাবা করিম সম্প্রতি এই আলোচনায় তাঁর মত জানিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা মনে করেন যে দীনেশ কার্তিককে দলে রাখা কোন ভুল পদক্ষেপ নয় এবং ঋষভ পান্তের জায়গা পাওয়া কঠিন হবে।

“সব সময়ই একটা সম্ভাবনা থাকে, কিন্তু আমি মনে করি ভারতীয় টিম ম্যানেজমেন্টের দীনেশ কার্তিককে খেলানোর সিদ্ধান্ত খারাপ পদক্ষেপ নয়। তারা মনে করে যে ছয় নম্বরে তার মতো খেলোয়াড়ের আরও বেশী প্রয়োজন যে ফিনিশারের ভূমিকা আরও ভালোভাবে করতে পারে কারণ ঋষভ পান্তকে এই ধরণের বিশেষ ভূমিকায় আগে চেষ্টা করা হয়নি। সুতরাং, আমার সন্দেহ আছে যে ঋষভ পান্তকে দলে দেখা যাবে কারণ ভারতীয় দল একধরনের সঠিক কম্বিনেশন খুঁজে পেয়েছে,” স্পোর্টস ১৮-এর দৈনিক স্পোর্টস নিউজ শো ‘স্পোর্টস ওভার দ্য টপ’-এ ​​বলেছেন সাবা।

টি-২০ বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার চেষ্টা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে দীনেশ কার্তিক তিনটি ম্যাচেই একাদশে জায়গা পেয়েছেন, যেখানে পান্ত মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে থাকলেও পান্তকে ব্যাট করার দরকার হয়নি। দীনেশ কার্তিককে পান্তের আগে পাঠানো হয়েছিল এবং তিনি মাত্র দুটি ডেলিভারি খেলে একটি ছক্কা ও একটি চারের সাহায্যে ভারতকে লক্ষ্য অতিক্রম করতে সাহায্য করেন।

ভারত এখন ২৮শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। হার্দিক পান্ডিয়াকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে এবং তাঁর অনুপস্থিতিতে দলে কে জায়গা পান তার দিকে নজর থাকবে।

close whatsapp