ভারত বনাম অস্ট্রেলিয়া: প্রথম টি-২০ আন্তর্জাতিক, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
মোহালিতে ১৭০-এর কাছাকাছি স্কোর ওঠার সম্ভাবনা
আপডেট করা - Sep 19, 2022 7:03 pm

ভারত ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে এবং প্রথম ম্যাচটি মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে খেলা হবে। আগামী মাসে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর আগে সিরিজটি দুই দলই উপযুক্ত প্রস্তুতির জন্য ব্যবহার করতে চাইবে।
রবীন্দ্র জাডেজার অনুপস্থিতিতে ভারত অবশ্যই চাইবে স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে রবিচন্দ্রন অশ্বিন অথবা অক্ষর প্যাটেলের একজনকে নির্দিষ্ট করতে। ঋষভ পান্ত, নাকি দীনেশ কার্তিক – কে পাবেন উইকেটকিপার-ব্যাটারের দায়িত্ব, তা নিয়েও টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হতে চাইবে। এ ছাড়া চোট সারিয়ে দলে ফেরা জসপ্রিত বুমরাহ্ ও হর্ষল প্যাটেল কেমন পারফর্ম করেন সেই দিকেও নজর থাকবে।
অন্যদিকে, ডেভিড ওয়ার্নার বিশ্রামের জন্য বিরতি পাওয়ায় অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেনার হিসাবে কাকে পাঠায় তার দিকে নজর থাকবে। চোটের কারণে ভারতে আসতে পারেননি মার্কাস স্টইনিস, মিচেল স্টার্ক ও মিচেল মার্শ। পরিবর্ত হিসেবে আসা ড্যানিয়েল স্যামস, ন্যাথান এলিসরা সুযোগ পেলেও নজর কাড়ার চেষ্টা করবেন।
পিচ রিপোর্ট
মোহালির পিসিএ স্টেডিয়ামে ব্যাটারদের জন্য সহায়ক পরিস্থিতি থাকে। একবার পিচে থিতু হয়ে গেলে বড় ইনিংস খেলা সম্ভব। মাঠ বড় হওয়ায় স্পিনাররা সুবিধা পেতে পারেন। ১৭০-এর মতো স্কোর ওঠার সম্ভাবনা রয়েছে।
উভয় দলের কম্বিনেশন
ভারত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভারত পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাবে আশা করা হচ্ছে। অক্ষর প্যাটেল এশিয়া কাপে ম্যাচ খেলার সুযোগ পাননি বলে তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। দীনেশ কার্তিক ফিনিশার হিসেবে কেমন পারফর্ম করেন সেই দিকেও নজর থাকবে।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হর্ষল প্যাটেল, জসপ্রিত বুমরাহ্, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল।
অস্ট্রেলিয়া
ফিঞ্চের ওপেনিং সঙ্গী হিসাবে জশ ইংলিস ও ম্যাথিউ ওয়েডের মধ্যে ক্যাঙারুবাহিনী ইংলিসকেই বেছে নিতে পারে কারণ ওয়েডের লোয়ার অর্ডারেও ব্যাটিংয়ের অভিজ্ঞতা আছে। টিম ডেভিডের বহু-প্রতীক্ষিত অভিষেক হতে চলেছে অস্ট্রেলিয়ার জার্সিতে। স্বল্প বিরতির পরে অস্ট্রেলিয়ার সাদা বলের দলে প্রত্যাবর্তন হবে প্যাট কামিন্সের।
সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জশ ইংলিস, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা।
ভারত বনাম অস্ট্রেলিয়া হেড-টু-হেড
ম্যাচ – ২৩ | ভারত – ১৩ | অস্ট্রেলিয়া – ৯ | অমীমাংসিত – ১
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ২০শে সেপ্টেম্বর, ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার