টি-২০ বিশ্বকাপ ২০২২-এর স্কোয়াড ঘোষণা করল নামিবিয়া

ডিভান লা কক, টাঙ্গেনি লুঙ্গামেনি, ও লোহান লউরেন্স প্রথমবারের জন্য বিশ্বকাপ খেলবেন

Namibia Cricket
Namibia Cricket. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া। আগের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ১৩ জন ক্রিকেটারকে এই বিশ্বকাপেও নিয়ে যাচ্ছে নামিবিয়া। ফলে অভিজ্ঞদের সঙ্গে নামিবিয়ার বিশ্বকাপ দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও জায়গা পেয়েছেন। দলের নেতৃত্বে থাকবেন গেরহার্ড ইরাসমাস।

 

অধিনায়ক ইরাসমাসের পাশাপাশি অভিজ্ঞদের মধ্যে আছেন য়োহানেস য়োনাথান স্মিট, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন, য়্যান ফ্র্যাইলিঙ্ক, নিকোল লোফটি ইটন। গত টি-২০ বিশ্বকাপে ট্রাম্পেলম্যান নজর কেড়েছিলেন যখন তিনি আবু ধাবিতে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওভারেই তিন উইকেট নিয়েছিলেন।

সেইসঙ্গে আছেন একদা দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা এবং বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো অলরাউন্ডার ডেভিড ভিসা। আগের সংস্করণে যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে নামিবিয়াকে সুপার ১২ পর্বে নিয়ে যেতে ভিসার অপরিসীম অবদান ছিল। ভিসা বর্তমানে সেন্ট লুসিয়া কিংসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এ খেলছেন। এর আগে ভিসা পাকিস্তান সুপার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, দ্য হান্ড্রেডেও খেলেছেন।

প্রথমবারের জন্য বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লোহান লউরেন্স, ব্যাটার ডিভান লা কক এবং পেসার টাঙ্গেনি লুঙ্গামেনি। বাছাই পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে নামিবিয়া। সুপার ১২ পর্বে যাওয়ার জন্য তাদের লড়তে হবে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে।

১৬ই অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করবে নামিবিয়া

নামিবিয়ার কোচিং গ্রুপে একঝাঁক দক্ষিণ আফ্রিকানের উপস্থিতি লক্ষ্যণীয়। প্রধান কোচ হিসেবে থাকছেন পিয়েরে ডি ব্রুইন। তাঁকে সহায়তা করবেন সহকারী কোচ অ্যালবি মর্কেল। বোলিং পরামর্শদাতা হিসেবে থাকছেন মর্নি মর্কেল। গত বছরের আসরেও ডি ব্রুইন ও অ্যালবি ছিলেন।

১৬ই অক্টোবর গীলংয়ের কার্দিনিয়া পার্কে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া। এরপর ১৮ই অক্টোবর নেদারল্যান্ডস এবং ২০শে অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে ইরাসমাসের নেতৃত্বাধীন দল। এই দুটি ম্যাচও গীলংয়ে খেলা হবে। গ্রুপের সেরা দুই দল বিশ্বকাপের সুপার ১২ পর্বে খেলার সুযোগ পাবে।

টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য নামিবিয়া স্কোয়াড: গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), য়োহানেস য়োনাথান স্মিট, ডিভান লা কক, স্টেফান বার্ড, নিকোল লোফটি ইটন, য়্যান ফ্রাইলিঙ্ক, ডেভিড ভিসা, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন, বার্নার্ড শোল্টজ, টাঙ্গেনি লুঙ্গামেনি, মাইকেল ফান লিংগেন, বেন শিকঙ্গো, কার্ল বার্কেনস্টক, লোহান লউরেন্স, হেলাও ইয়া ফ্রান্স।

close whatsapp