“সৌরভের আগমন পরিবর্তনের সূত্রপাত করেছে, বিরাটকে ইচ্ছাকৃতভাবে বিপাকে ফেলা হয়েছিল” – বিস্ফোরক দাবি লতিফের
লতিফ মনে করেন পর্দার আড়ালে অনেক কিছু ঘটেছে
আপডেট করা - Sep 11, 2022 6:58 pm

প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন যে সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে বিরাট কোহলিকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছিল। কোহলি সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে একটি দুর্দান্ত অপরাজিত ১২২ রানের ইনিংস খেলে তাঁর সেঞ্চুরির খরা ভেঙেছেন। ফর্মের মন্দার কারণে গত তিন বছর ধরে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান এবং এর পরে ওডিআই অধিনায়কত্ব থেকে অপসারিত হন।
তিনি দক্ষিণ আফ্রিকা সফরের পরে টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং তার পরে আইপিএলেও বিশেষ ফর্মে ছিলেন না। ৩৩ বছর বয়সী ব্যাটার সম্প্রতি ইংল্যান্ড সফরে খুব বেশী অবদান রাখতে পারেননি এবং স্পষ্টতই, এশিয়া কাপ ২০২২ পর্যন্ত কোহলির জন্য অনেক কিছুই ঠিকমত হচ্ছিল না।
আমরা জানতাম না পর্দার আড়ালে কী হচ্ছে: রশিদ লতিফ
লতিফ উল্লেখ করেছেন যে ২০১৯ সালে সৌরভ গাঙ্গুলী সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে কোহলির সাথে বেশ কয়েকটি অভাবনীয় ঘটনা ঘটেছে, এবং তাঁর মতে এসবের পিছনে গাঙ্গুলীর ভূমিকা থাকতেও পারে। তিনি মনে করেন যে নেপথ্যে এমন কিছু ঘটেছিল যা কোহলিকে বিব্রত করেছে।
“ওরা (ভারত) বিশ্বকাপে ধোনিকে মেন্টর হিসেবে নিয়েছিল। ঠিক তার আগে, সে (কোহলি) ঘোষণা করেছিল যে সে টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে যাবে। এটা আমাদের জন্য খুবই মর্মান্তিক এবং আমরা জানতাম না পর্দার আড়ালে কী ঘটছে। তারপরে, দলটি দক্ষিণ আফ্রিকায় যায় এবং রোহিত আনফিট ঘোষিত হওয়ায় কেএল রাহুল অধিনায়ক হয়। আর সেখানেই টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেয় কোহলি। তাই অনেক কিছুই ঘটছিল,” লতিফ তাঁর ইউটিউব চ্যানেলে অজয় জাডেজার সাথে আলোচনায় বলেছেন।
“তারপর, যদি আমি ২০১৯ বিশ্বকাপে ফিরে যাই, রবি শাস্ত্রী সেখানে প্রধান কোচ ছিল। এই সব থেকে আমি যা লক্ষ্য করি তা হল সৌরভের আগমন পরিবর্তনের সূত্রপাত করেছে। শাস্ত্রী চলে গেল, তারপর রাহুল দ্রাবিড় এল, বিক্রম রাঠৌর আগে থেকেই ছিল। আমি মনে করি পর্দার আড়ালে কিছু হচ্ছিল। এটা মনে হয়েছিল যে একজন খেলোয়াড় যে কিনা তার জীবনের অন্যতম উচ্চতায় ছিল তাকে ইচ্ছাকৃতভাবে বিপাকে ফেলা হয়েছিল,” তিনি যোগ করেছেন।