হুডাকে বোলার হিসেবে ব্যবহার না করলে কার্তিকের খেলতে অসুবিধা কোথায়? – প্রশ্ন তুললেন শাস্ত্রী
বিগত দুটি ম্যাচে ভারত কেবল পাঁচজন বোলার ব্যবহার করেছে
আপডেট করা - Sep 8, 2022 2:13 pm

ভারতীয় টিম ম্যানেজমেন্টের দীনেশ কার্তিকের আগে দীপক হুডাকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রবি শাস্ত্রী। তাঁর মতে হুডাকে যখন খেলানো হচ্ছেই তখন তাঁকে দিয়ে বোলিং না করানো নিরর্থক। দীপক হুডা ব্যাট হাতেও বিশেষ সাফল্য পাননি চলতি এশিয়া কাপ ২০২২-এ।
পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ ২০২২ সুপার ৪ ম্যাচের জন্য ভারতের দলে একজন স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে হুডাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যদিও, তিনি দুটি ম্যাচে একটি ওভারও বল করেননি। রোহিত শর্মা উভয় ম্যাচেই কেবল পাঁচজন বোলার ব্যবহার করেছিলেন।
স্টার স্পোর্টসে আলোচনার সময়, রবীন্দ্র জাডেজার উপযুক্ত পরিবর্ত হওয়া সত্ত্বেও অক্ষর প্যাটেলের সুপার ফোর পর্বে একটি ম্যাচেও সুযোগ না পাওয়ার বিষয়ে শাস্ত্রীকে তাঁর মতামত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি অক্ষরের অন্তর্ভুক্তির ব্যাপারে সমর্থন জানিয়েছেন। প্রাক্তন ভারতীয় কোচ বলেছেন, “অক্ষর প্যাটেল একটি সোজা অদলবদল। জাডেজা যদি ফিট না হয়, তবে অক্ষর প্যাটেলকে খেলাতে হবে। আমি অবাক হয়েছিলাম যে দীপক হুডা ৭ নম্বরে খেলছে এবং সে দুটি ম্যাচে বোলিং করেনি। যদি বোলার হিসেবে দীপক হুডা তাদের পরিকল্পনায় না থাকে, তবে দীনেশ কার্তিক খেলেনি কেন?”
পান্ত ও কার্তিক, দুই উইকেটকিপার-ব্যাটারকেই, দলে দেখতে চান শাস্ত্রী
শাস্ত্রী মনে করেন ঋষভ পান্ত ও কার্তিক উভয়েরই ভারতীয় একাদশে থাকা উচিত ছিল। তিনি যুক্তি দিয়েছেন, “ঋষভ পান্ত ও দীনেশ কার্তিক দুজনেই খেলতে পারত। পজিশনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ৬ বা ৭ নম্বরে অভিজ্ঞতাসম্পন্ন একজন ফিনিশার খুঁজছেন। যখন কেউ ভালো খেলছে, তাকে খেলার সুযোগ করে দাও।”
ম্যাচের পরের উপস্থাপনায় রোহিত প্রকাশ করেছিলেন যে তিনি হুডাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলার হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন। তবে, তিনি তা করতে পারেননি কারণ বিপক্ষের ডানহাতি দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুসাল মেন্ডিস প্রথম ১১ ওভার অবধি খেলে দেওয়ায় তিনি পরের দিকে হুডাকে বোলিং করানোর সাহস করেননি।
শাস্ত্রী উল্লেখ করেছেন যে পান্ত সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে বড় ম্যাচজয়ী। তাঁর মতে, “ঋষভ পান্তের কথাও চিন্তা করুন। সে যে ধরণের ক্রিকেট খেলছে, খুব কম খেলোয়াড়ই তা করছে। সে আমাদের সমস্ত ফর্ম্যাটে আমাদের শীর্ষ খেলোয়াড়দের চেয়ে বেশী ম্যাচ জিতিয়েছে, টি-টোয়েন্টিতে বেশি নয়, তবে অন্যান্য ফর্ম্যাটে।”
শাস্ত্রী এই বলে শেষ করেছেন যে দলে পান্তের স্থান অনিশ্চিত হলে তাঁর আত্মবিশ্বাসের ক্ষতি হতে পারে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছেন, “যদি একজনের আত্মবিশ্বাসের মাত্রা বেশী হয়, তবে সেটিকে উঁচুতেই রাখা উচিত। আপনি যদি তার মনে সন্দেহের বীজ বপন করে দেন যে সে দলে নাও থাকতে পারে, তার আত্মবিশ্বাসের স্তর নিচে নেমে যাবে।”
রোহিত ও রাহুল দ্রাবিড়ের পক্ষে একাদশে কার্তিক ও পান্তকে জায়গা দেওয়া কঠিন হবে। বিরাট কোহলি, সূর্যকুমার যাদবও ও হার্দিক পান্ডিয়া দলে প্রায় নিশ্চিত, ফলে দুই উইকেটকিপারকে একসঙ্গে খেলানো ভারতের জন্য চ্যালেঞ্জ হতে পারে।