এশিয়া কাপ ২০২২: সুপার ফোর, ম্যাচ ৯ – ভারত বনাম শ্রীলঙ্কা, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
শ্রীলঙ্কা এই মুহূর্তে সুপার ফোর পর্বের শীর্ষ দল
আপডেট করা - Sep 5, 2022 8:07 pm

টি-২০ আন্তর্জাতিকে বিরাট কোহলির ৩২তম হাফ সেঞ্চুরি বৃথা গিয়েছিল কারণ দুবাইতে এশিয়া কাপ ২০২২-এ সুপার ফোর রাউন্ডের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতেছে। পরাজয়ের ফলে ভারতকে পরবর্তী দুটি ম্যাচই জিততে হবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এখন একটি উদ্দীপনায় ভরপুর শ্রীলঙ্কা দলের মুখোমুখি হবে যারা টুর্নামেন্টে পর পর দুটি চিত্তাকর্ষক জয় নথিভুক্ত করেছে। সুপার ফোর পর্বের তৃতীয় খেলাটি মঙ্গলবার, ৬ই সেপ্টেম্বর, ২০২২, দুবাইতে অনুষ্ঠিত হবে।
প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ভারতের পরাজয় হয়েছে মূলত মহম্মদ রিজওয়ান ও মহম্মদ নাওয়াজের পার্টনারশিপের ফলে। রিজওয়ান ৭১ রান করে সর্বোচ্চ স্কোরার হলেও নাওয়াজের ২০ বলে ৪২ এবং বল হাতে ১/২৫-এর অলরাউন্ড পারফর্ম্যান্স তাঁকে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয়। মিডল অর্ডারে উইকেট তুলতে ব্যর্থ হওয়ার সমস্যা কাটানোর জন্য ভারত বোলিং বিভাগে পরিবর্তন করতে পারে।
লঙ্কান লায়নরা একটি হার দিয়ে শুরু করলেও, তারা বাংলাদেশ ও ফর্মে থাকা আফগানিস্তানকে পরপর দুই ম্যাচে হারিয়ে এখন প্রবল আত্মবিশ্বাসী। দুটি ম্যাচেই ১৭৫ রানের বেশী তাড়া করে জিতেছে। ব্যাটাররা কেউই খুব বড় ইনিংস না খেললেও কার্যকরী ইনিংস খেলছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ১৫-র বেশী রান করা পাঁচজন ব্যাটারের মধ্যে ১৬০-এর বেশী স্ট্রাইক রেট ছিল চারজনের।
পিচ রিপোর্ট
দুবাইয়ের পিচে ব্যাটিংয়ের জন্য খুবই উপযোগী এবং ম্যাচ যত এগোই ততই পরিস্থিতি ব্যাটিংয়ের জন্য বেশী অনুকূল হয়ে ওঠে। ফলে টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করার পরিকল্পনা করতে পারে। প্রথমে ব্যাটিং করা দল অন্তত ১৮০ না করলে নিশ্চিন্ত হতে পারবে না।
ভারত
ভারতের একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। ফর্মে না থাকা যুজবেন্দ্র চাহালের পরিবর্তে দলে আসতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। এ ছাড়া আগের ম্যাচে ঋষভ পান্তকে সরিয়ে আবার দীনেশ কার্তিককে একাদশে স্থান দেওয়া হতে পারে। রবি বিষ্ণোই একটি সুযোগেই ভালো পারফর্ম করায় জায়গা ধরে রাখবেন।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।
শ্রীলঙ্কা
স্পিনের বিরুদ্ধে ভারতের দুর্বলতার কারণে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহীষ থীকশানার মতো দুজন টি-২০ উপযোগী বোলারকে দিয়ে আক্রমণ করার কথা ভাববেন অধিনায়ক দাসুন শানাকা। আগের ম্যাচে যে দল খেলেছিল সেই দলে খুব বেশী হলে একটি পরিবর্তন হতে পারে – ফর্মে না থাকা চারিথ আসালাঙ্কার জায়গায় ধনঞ্জয়া ডি সিলভা। এ ছাড়া বাকি দল অপরিবর্তিত থাকার সম্ভাবনা।
সম্ভাব্য একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটকিপার), ভানুকা রাজাপাকসা, দানুষ্কা গুণাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা কারুণারাত্নে, মাহীষ থীকশানা, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা।
ভারত বনাম শ্রীলঙ্কা হেড-টু-হেড
ম্যাচ – ২৫ | ভারত – ১৭ | শ্রীলঙ্কা – ৭ | অমীমাংসিত – ১
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার