চোট পেয়ে ভারতের বিরুদ্ধে রবিবারের ম্যাচ থেকে বাদ শাহনাওয়াজ দাহানি

মেডিক্যাল টিম আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখবে

Shahnawaz Dahani
Shahnawaz Dahani. (Photo Source: Twitter)

গত রবিবার, ২৮শে অগাস্ট, একটি তীব্র উত্তেজক ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর আগামী রবিবার, ৪ঠা সেপ্টেম্বর, আবার দুই দল মুখোমুখি হবে এশিয়া কাপ ২০২২-এর সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে। গ্রুপ পর্বের ম্যাচে হারা পাকিস্তান সেই ম্যাচের আগে বড় একটি ধাক্কা খেয়েছে। তাদের তরুণ পেসার শাহনাওয়াজ দাহানি চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন।

ইতিমধ্যেই তারকা পেসার শাহীন শাহ আফ্রিদিকে হাঁটুর চোটের কারণে পাচ্ছে না পাকিস্তান। এশিয়া কাপ শুরু হওয়ার এক সপ্তাহ আগেই তাঁর না খেলার ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গিয়েছিল। তারপরে এশিয়া কাপ শুরু হওয়ার দিনকয়েক আগে চোটের কারণে দল থেকে বাদ পড়েন আরও এক পেসার – মহম্মদ ওয়াসিম জুনিয়র। এখন দাহানি ছিটকে যাওয়ায় পাকিস্তানের পরিকল্পনা নিঃসন্দেহে বিঘ্নিত হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, দাহানি সাইড স্ট্রেনের কারণে ব্যথা অনুভব করছেন এবং তাই তাঁর পক্ষে আগামীকালের ম্যাচে অংশগ্রহণ করা সম্ভব হবে না। ইতিমধ্যেই তাঁর একবার স্ক্যান হয়েছে এবং সেই স্ক্যানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাহানিকে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা মেডিল্যাক টিমের তত্ত্বাবধানে রাখা হবে। নির্দিষ্ট সময়ের পরে তাঁর আরও একবার স্ক্যান হবে এবং তার রিপোর্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে টুর্নামেন্টে পরের ম্যাচগুলিতে খেলানো হবে কিনা।

শাহনাওয়াজ দাহানির পরিবর্ত হিসেবে খেলতে পারেন হাসান আলি বা মহম্মদ হাসনাইন

২৪ বছর বয়সী পেসার গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৯ রান দেন এবং কোন উইকেট নেননি। এগারো নম্বরে ব্যাটিং করতে নেমে যদিও তিনি বিস্মিত করে দেন কিছু বড় শট খেলে। ৬ বলের ইনিংসে দুটি ছক্কা হাঁকিয়ে তিনি ১৬ রান যোগ করেন পাকিস্তানের ১৪৭ স্কোরে। দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ২ ওভার বোলিং করে একটি মেডেন ওভার দেন এবং ৭ রানের বিনিময়ে একটি উইকেট লাভ করেন।

দাহানির পরিবর্ত হিসেবে কাকে খেলানো হবে তা অবশ্য নিশ্চিত নয়। তাদের স্কোয়াডে আরও দুই পেসার – হাসান আলি ও মহম্মদ হাসনাইন – রয়েছেন যাঁরা এখনও একাদশে সুযোগ পাননি। এই দুজনের মধ্যে হাসান আলির সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশী কারণ তিনি হাসনাইনের চেয়ে অনেক বেশী অভিজ্ঞ এবং পূর্বে ভারতের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আছে। টিম ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের মোকাবিলা করার জন্য তাঁর অভিজ্ঞতা কাজে আসতে পারে।

close whatsapp