“বিশ্বমানের খেলোয়াড় দরকার নেই” – খালেদ মাহমুদকে পরোক্ষভাবে খোঁচা দিলেন মাহীষ থিকশানা
মাহমুদ বলেছিলেন শ্রীলঙ্কার একজনও বিশ্বমানের বোলার নেই
আপডেট করা - Sep 2, 2022 6:24 pm

১লা সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২২-এ বাংলাদেশের বিপক্ষে তাঁর দলের রোমাঞ্চকর জয়ের পর শ্রীলঙ্কার স্পিনার মাহীষ থিকশানা বাংলাদেশ দলের ক্রিকেট পরিচালক খালেদ মাহমুদকে কটাক্ষ করেছেন। এই বিষয়ে বিতর্ক তখন দানা বেঁধেছিল, যখন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা দাবি করেছিলেন বাংলাদেশের বোলিং লাইনআপ আফগানিস্তানের মতো শক্তিশালী নয়।
শানাকা এও বলেছিলেন বাংলাদেশের একাদশে শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া অন্য কোন বিশ্বমানের বোলার নেই। টিম ডিরেক্টর জবাবে বলেছিলেন যে বাংলাদেশের কাছে তাও শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের মতো দুই বিশ্বমানের বোলার রয়েছে, যেখানে শ্রীলঙ্কার কাছে কেউই নেই। মাহমুদের এই বক্তব্য যদিও দিনের শেষে বাংলাদেশ দলের কাজে আসেনি কারণ একটি হাড্ডাহাড্ডি ম্যাচের পরে শ্রীলঙ্কা ২ উইকেটে ম্যাচ জিতে মাহমুদের দলকে এশিয়া কাপ ২০২২ থেকে ছিটকে দিয়েছে।
এদিকে, শ্রীলঙ্কার স্পিনার মাহীষ থিকশানা বিতর্কে আরও ইন্ধন জুগিয়েছেন একটি টুইটের মাধ্যমে। তাঁর টুইটে পরোক্ষভাবে তিনি মাহমুদকে কটাক্ষ করেছেন। “যখন আপনার কাছে ১১জন ভাই আছে, তখন বিশ্বমানের খেলোয়াড় থাকার দরকার নেই,” তিনি টুইট করেছেন।
No need to have world class players, when you have 11 brothers ❤️ pic.twitter.com/H0rYESlF6i
— Maheesh Theekshana (@maheesht61) September 2, 2022
শেষ ওভারে শ্রীলঙ্কার নায়ক আসিথা ফার্নান্ডো
প্রথমে ব্যাট করতে নেমে, মেহেদি হাসান মিরাজের ২৬ বলে ৩৮ রানের জ্বলন্ত ইনিংসের সুবাদে দুর্দান্তভাবে শুরু করেছিল বাংলাদেশ। আফিফ হোসেইন দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন ২২ বলে ৩৯ রান করে এবং ডেথ ওভারে মোসাদ্দেক হোসেইন ৯ বলে অপরাজিত ২৪ রান করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশকে সাত উইকেট হারিয়ে ১৮৩ রান তুলতে সাহায্য করেন।
শ্রীলঙ্কা, অনেকটা তাদের প্রতিপক্ষের মতোই, আক্রমণাত্মকভাবে ইনিংসের শুরু করেছিল। ওপেনার কুসাল মেন্ডিস ৩৭ বলে বিস্ফোরক ৬০ রানের ইনিংস খেলে দলকে লক্ষ্যে অবিচল রাখেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক দাসুন শানাকা। তাঁর ব্যাট থেকে আসে ৪৫ রান ৩৩ বলের বিনিময়ে। যদিও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা এবং এক সময় তাদেরকে শেষ ৭ বলে ১৩ করতে হত। ওভিষেক টি-২০ আন্তর্জাতিক খেলা, দশ নম্বরে ব্যাটিং করতে নামা আসিথা ফার্নান্ডো ৩ বলে অপরাজিত ১০ রান করে শেষ অবধি চার বল বাকি থাকতে শ্রীলঙ্কাকে টার্গেট অতিক্রম করতে সাহায্য করেন।
২০১৮ সালের এশিয়া কাপে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই হেরে হতাশাজনকভাবে বিদায় নিতে হয়েছিল শ্রীলঙ্কাকে। তবে, দুবাইতে তারা যে পারফর্ম্যান্স দেখিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে তাতে ভবিষ্যতের জন্য আশাবাদী হতেই পারে দ্বীপরাষ্ট্র।