চোটের কারণে শ্রীলঙ্কার এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ গেলেন দুষ্মান্থা চামিরা
চামিরার পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে নুয়ান থুশারাকে
আপডেট করা - Aug 22, 2022 5:16 pm

এশিয়া কাপের এক সপ্তাহেরও কম সময় বাকি আছে, এওং এরই মধ্যে শ্রীলঙ্কা একটি বড় ধাক্কা খেয়েছে কারণ ফাস্ট বোলিং তারকা দুষ্মান্থা চামিরা ২৭শে অগাস্ট থেকে শুরু হতে চলা মহাদেশীয় টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন। দুই দিন আগেই পাকিস্তানের ফাস্ট বোলিং তারকা শাহীন শাহ আফ্রিদির বাদ যাওয়ার খবর এসেছিল। এখন শ্রীলঙ্কাও তাদের প্রধান পেসারকে হারাল।
শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচ আন্তন রুউ তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে একটি পোস্ট করেছেন যেখানে তিনি জানিয়েছেন চোটের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন শ্রীলঙ্কান পেসার। সেইসঙ্গে তিনি চামিরার পেশাদারি মানসিকতার কথা স্বীকার করেছেন। তিনি চোট থেকে পুনরুদ্ধারের জন্য চামিরার জন্য শুভকামনা জানিয়েছেন।
চামিরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে: শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচ
তাঁর পোস্টে লেখা হয়েছে, “আমি যত মানুষের সাথে মেলামেশা করেছি তাদের মধ্যে অন্যতম দয়ালু এবং তার খেলার প্রতি তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত পেশাদার। তার চোটের কারণে তাকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া হয়েছে, তবে আমি নিশ্চিত যে অক্টোবরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের জন্য দুশি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। চোট-আঘাত পেশাদার খেলার অংশ এবং কখনও কখনও পুনরুদ্ধারের রাস্তা একটি একাকী প্রক্রিয়া হতে পারে। তাই এই পর্বে যতটা সম্ভব আহত খেলোয়াড়দের সমর্থন করা গুরুত্বপূর্ণ। শীঘ্রই দেখা হবে দুশি।”
শ্রীলঙ্কার বোর্ডের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট একটি টুইট করে জানিয়েছে, “এশিয়া কাপ ২০২২-এর ২০-সদস্যের স্কোয়াডে থাকা দুষ্মান্থা চামিরা এশিয়া কাপে অংশ নেবেন না কারণ তাঁর চোট লেগেছে (বাঁ পায়ে) অনুশীলনের সময়। নির্বাচকরা নুয়ান থুশারাকে ২০ জনের দলে এনেছে।”
🚨 Asia Cup: Sri Lanka Team Updates@dushmantha05, who was named in the 20-member #AsiaCup2022 squad, will not take part in the Asia Cup, as he has sustained an injury (on his left leg) during practices.
SLC Selectors brought in Nuwan Thushara into the 20-man squad.
#SLC #lka pic.twitter.com/cQuAjAmwZg— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) August 22, 2022
দ্বীপরাষ্ট্রের খেলোয়াড়রা তাদের নিজেদের দেশেই এবারের এশিয়া কাপ খেলতে পারত, কিন্তু সেখানে আর্থিক সঙ্কটের কারণে ছয় দলের টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করতে হয়। টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্স হিসেবে দেখা হচ্ছে শ্রীলঙ্কাকে। চামিরা বাদ গেলেও ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো বিশ্ব-মানের খেলোয়াড় রয়েছেন, যিনি গত আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। অধিনায়ক দাসুন শানাকার নেতৃত্বে একটি উজ্জীবিত শ্রীলঙ্কা ভালো পারফর্ম্যান্স করবে বলে আশা করা যায়।
গতবারের চ্যাম্পিয়ন ভারতের পরেই তারা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয়-সফল দল। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে শানাক ও তাঁর সতীর্থরা।