এশিয়া কাপে নামার আগে নিজের নেতৃত্ব প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা
আপডেট করা - Aug 20, 2022 3:21 pm

হাতে রয়েছে আর মাত্র সাতদিন সময়। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার এতবড় প্রতিযোগিতায় নামছেন রোহিত শর্মা। এসিয়া কাপে ২৮ অগস্ট চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেই মঞ্চে নামার আগেই নেতৃত্ব প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা। যেকোনও বড় মঞ্চে নামার জন্য নেতৃত্বের দক্ষতা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা নিয়ে কোনও ধন্দ নেই। ক্রিকেটারদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া এবং তাদের নিজেদের খেলা খেলতে দেওয়াই রোহিত শর্মার প্রধান লক্ষ্য।
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের অধিনায়ক থেকে কোচের পদে বিরাট রদবদল হয়েছে। বিরাট কোহলির পরবর্তী ভারতীয় দলের নতুন অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। একইসঙ্গে রবি শাস্ত্রী পরবর্তী ভারতীয় দলের নতুন কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। এবার সেই রোহিত শর্মার নেতৃত্বেই এশিয়া কাপের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। আর প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়ার সামনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
রোহিত শর্মার নেতৃত্বে এবার এশিয়া কাপে নামতে চলেছে ভারত
সেই ম্যাচ নামার আগেই নিজের লক্ষ্যের কথা যেমন জানাচ্ছেন তিনি, তেমনই তাঁর নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ নিয়েও মুখ খুললেন ভারতীয় দলের অধিমায়ক রোহিত শর্মা। অধিনায়ক রোহিত শর্মার প্রধান লক্য্ই হল তাঁর সতীর্থদের চাপের মুহূর্ত থেকে বাইরে রাখা। যেকোনও পরিস্থিতিতেই ক্রিকেটাররা যাতে বিশেষ চাপের মধ্যে পড়ে না যান, সেদিকেই নজর রয়েছে রোহিত শর্মা। এশিয়া কাপের মঞ্চে নামার আগে এটাই যেন দ্য হিটম্যানের প্রধান লক্ষ্য।
এই প্রসঙ্গেই স্টার স্পোর্টসের একটি শো-তে রোহিত শর্মা জানিয়েছেন, একজন অধিনায়ক হিসাবে আমার প্রধান কাজই হল এমন একটা পরিবেশ প্রস্তুত করা যাতে ক্রিকেটাররা কখনোই অতিরিক্ত চাপ অনুভব না করেন। আমরা সেই চেষ্টাই সবসময় করে থাকি। যা প্রত্যেকেই একে অপরের সঙ্গ উপভোগ করে। আমি বিশ্বাস করি এই জিনিসটাই অতিরিক্ত চাপের থেকে সকলকে দূরে রাখতে সাহায্য করে।
রোহিত শক্মা আরও জানিয়েছেন, এটাও সত্যি যে যখন কেউ বল হাতে মাঠে নামেন একটা চাপ থাকে। আবার ব্যাট হাতে নামলেও সেই একই পরিস্থিতি থাকে। সেই পরিস্থিতিটা নিজেকেই সামাল দিতে হয়।
ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকেই সাফল্যের রাস্তায় হাঁটা শুরু হয়েছে রোহিত শর্মার। দেশার জার্সিতে এখনও পর্যন্ত একটিও টি টোয়েন্টি সিরিজ হারেননি রোহিত শর্মা। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১-এ টি টোয়েন্টি সিরিজ জিতেছেন তিনি। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেমেছিলেন রোহিত শর্মা। সেখানেও ৪-১-এ ভারত টি টোয়েন্টি সিরিজ জিতেছিল। এবার এশিয়া কাপে নামার পালা। সেখানেও রোহিত শর্মা সাফল্যের স্বাদ পান কিনা সেটাই দেখার।