“মুশফিক বা শাকিবও ওপেন করতে পারে” – লিটনের শূন্যস্থান পূরণ করা প্রসঙ্গে খালেদ মাহমুদ
মাহমুদ স্বীকার করেছেন ওপেনাররা ভালো পারফর্ম করছে না
আপডেট করা - Aug 15, 2022 6:55 pm

যেহেতু নিয়মিত ওপেনার লিটন দাস চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারবেন না, এবং তামিম ইকবাল টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই বাংলাদেশ দলে ওপেনারের ভূমিকা নেওয়ার জন্য একটি শূন্যতা তৈরি হয়েছে। অতীতে মহম্মদ নাইমকে বেশ কিছু ম্যাচে সুযোগ দেওয়া হলেও স্ট্রাইক রেট সমস্যার জন্য তিনি স্থায়ী সমাধান দিতে পারেননি।
সম্প্রতি জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে আনামুল হক বিজয়ের। জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি ভালো ফর্মে ছিলেন। এ ছাড়া নবাগত হিসেবে এশিয়া কাপের দলে আছেন পারভেজ হোসেন ইমন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ এশিয়া কাপের আগে বাংলাদেশের ওপেনার সমস্যা নিয়ে তাঁর মতামত তুলে ধরেছেন। মাহমুদ জানিয়েছেন, আনামুল হক বিজয় ও পারভেজ হোসেনই কেবলমাত্র ঐতিহ্যবাহী ওপেনার, তবে সাম্প্রতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁরা তাঁদের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন।
মাহমুদ বলেছেন, “আমাদের স্বীকৃত ওপেনার বিজয় ও ইমন। আরও অনেকেই আছে যারা স্থানীয় ক্রিকেটে ওপেনার হিসেবে খেলেছে। আফগানিস্তানের বোলিং আক্রমণের বিপক্ষে কে ওপেন করবে তা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”
“আমাদের ওপেনাররা ভালো করছে না। এটাও মাথায় রাখা উচিত। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বদলাতে হবে। আমরা হয়তো কিছু ম্যাচে ওপেনারদের পরিবর্তন করব, সেটা নিয়ে ভাবব। আমি এখনই বলতে চাই না কে ওপেন করবে,” তিনি আরও বলেন।
হয় ১৮০ রান করতে হবে, আর না হয় ১০০ রানে অল আউট: খালেদ মাহমুদ
টিম ডিরেক্টর আরও উল্লেখ করেছেন যে প্রয়োজনে শাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও ওপেন করতে পারেন এবং তিনি মেহেদি হাসান মিরাজ ও শেখ মাহেদির মতো নামও সুপারিশ করেছেন। “মুশফিক বা শাকিবও ওপেন করতে পারে। হতে পারে মিরাজ, শেখ মাহেদী। আমাদের অনেক অপশন আছে। তবে আমাদের সমন্বয়টিও কাজ করতে হবে,” তিনি যোগ করেছেন।
টি-২০তে বাংলাদেশের রক্ষণাত্মক ব্যাটিং নিয়ে অখুশি সুজন বলেছেন, “আমরা আক্রমণাত্মক মনোভাবটা তৈরি করতে পারছি না। একটা দ্বিধা নিয়ে ব্যাটিং করে ব্যাটাররা। আপনি যখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলবেন আপনাকে হয় ১৮০ রান করতে হবে, আর না হয় আপনি ১০০ রানে অল আউট হয়ে যান। আমি এটার পক্ষে। আপনি যদি জিততে চান, আপনাকে বড় রান করেই জিততে হবে।”
৩০শে অগাস্ট আফগানিস্তনাএর বিরুদ্ধে এশিয়া কাপে অভিযান শুরু করবে বাংলাদেশ।