“আধুনিক দিনের ক্রিকেটে বাদ দিতে হবে কার্তিককে” – অজয় জাডেজা
টি-২০ বিশ্বকাপে কারা কারা খেলবেন সেই নিয়ে আলোচনা করেছেন জাডেজা
আপডেট করা - Aug 9, 2022 12:12 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে, তত দলগুলি তাদের সেরা কম্বিনেশন খুঁজে একটি নিখুঁত স্কোয়াড তৈরী করার দিকে মনোনিবেশ করছে। ভারতও এর ব্যতিক্রম নয়। কয়েকটি স্থান বাদে, ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড মোটামুটি নিশ্চিত করে ফেলেছে। তবে প্রাক্তন ক্রিকেটাররা ও ক্রিকেট বিশেষজ্ঞরা দলের গঠন এবং কার এতে থাকা উচিত সম্পর্কে তাদের মতামত প্রকাশ করা অব্যাহত রেখেছেন এবং সম্প্রতি মত ব্যক্ত করা ব্যক্তি হলেন অজয় জাডেজা।
যদিও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নির্দিষ্ট কোন দল নির্বাচন করেননি, তবুও তিনি কিছু পরামর্শ দিয়েছেন যে কীভাবে ভারতীয় দলের প্রথম একাদশকে বড় প্রতিযোগিতার জন্য সাজানো উচিত। ভারত সম্প্রতি তাদের কম্বিনেশনে অনেক পরিবর্তন করেছে যাতে যতটা সম্ভব বেশি খেলোয়াড়কে পরীক্ষা করা যায় বড় ইভেন্টের জন্য।
ফ্লোরিডায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পঞ্চম এবং চূড়ান্ত টি-টোয়েন্টি ম্যাচের আগে ফ্যানকোডে প্রাক-ম্যাচ শো চলাকালীন জাডেজা তাঁর বোলিং লাইনআপ নির্বাচন করেছেন, যার মধ্যে তিনজন পেসার এবং একজন স্পিনার অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য, জাডেজা ভুবনেশ্বর কুমারের পরিবর্তে মহম্মদ শামিকে বেছে নিয়েছিলেন। যদিও ২০২১ টি-২০ বিশ্বকাপের পর থেকে কোন টি-টোয়েন্টি ম্যাচের অংশ হননি শামি। অন্যদিকে, বিগত আট মাসে টি-২০তে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী ভুবনেশ্বর।
“আমি শামিকে দলে যুক্ত করেছি, বুমরাহ্, অর্শদীপ ও চাহাল মিলে এই চারজন নিশ্চিত। ব্যাটিংয়ে আমার জন্য চারজন নিশ্চিত – ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব ও দীপক হুডা। এই বোলিং আক্রমণের জন্য, আপনার কাছে পাওয়ারপ্লে, মিডল ওভার এবং ডেথ ওভারগুলি সাজানো আছে। আপনি যে কোন জায়গায় তাদের বল করতে পারেন। এমনকি ব্যাটারদের জন্যও তারা নমনীয়,” তিনি বলেছেন।
দীনেশ কার্তিক আপনার বীমা: অজয় জাডেজা
ভারত টি-টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়ক রোহিত শর্মার অধীনে রক্ষণশীল কৌশল থেকে সরে এসে একটি আগ্রাসী নীতি নিয়ে চলছে। জাডেজা ভারতের নতুন ব্যাটিং পদ্ধতির কথা তুলে ধরেন এবং পরামর্শ দিয়েছেন যে তারা যদি এটির সাথে লেগে থাকে, তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে দল থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তিনি যোগ করেছেন যে ভারত যদি এমএস ধোনির পথ বেছে নেয় তবে নির্বাচকদের বিরাট কোহলিকে রাখতে হবে এবং দীনেশ কার্তিককেও শুরুর একাদশের জন্য বেছে নিতে হবে।
“এখন আপনি যদি আমি যেভাবে শুনেছি সেভাবে খেলতে চান…আক্রমনাত্মক, তাহলে আপনাকে ভিন্ন পথ বেছে নিতে হবে। বিরাট কোহলি ও রোহিত শর্মা যদি দলে আসেন, তাহলে আপনার দীনেশ কার্তিককে যেকোনো মূল্যে লাগবে। তিনি আপনার বীমা। কিন্তু যদি আপনার কেউই না থাকে, তাহলে দীনেশ কার্তিকের এখানে কোনো কাজ নেই। তবে হ্যাঁ, আমি কার্তিককে সেখানে রাখব না, সে আমার পাশে বসতে পারে। সে একজন ধারাভাষ্যকার হিসেবে খুব ভালো,” তিনি ব্যাখ্যা করেছেন।
“কিন্তু দলে আমি তাকে বাছাই করব না। এখন প্রশ্ন হল রবীন্দ্র না অক্ষর কে খেলবে। যদি এটি ধোনির স্টাইল হয়, তাহলে কোহলি, রোহিত ও কার্তিককে যোগ করা হোক। কিন্তু আধুনিক দিনের ক্রিকেটে আপনাকে বাদ দিতে হবে কার্তিককে। এমনকি কোহলি ফর্মে আছেন কি না তার উপরও নির্ভর করে,” তিনি আরও যোগ করেছেন।