ম্যাচ হারলেও অতি-আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা থেকে সরবে না ভারত, স্পষ্টভাবে জানালেন অধিনায়ক

রোহিত মনে করেন একটি হারের পরেই আতঙ্কিত হওয়ার কিছু নেই

Indian captain Rohit Sharma
Indian captain Rohit Sharma. (Photo Source: Twitter/BCCI)

নিকোলাস পুরানের দল ১লা অগাস্ট সেন্ট কিটসে ভারতকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। প্রথম ইনিংসে ভারতীয় দলের নিদারুণ ব্যাটিং ব্যর্থতা সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। তবে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে ব্যাটিংয়ের ক্ষেত্রে তাঁদের আক্রমণাত্মক পন্থা পরবর্তী ম্যাচগুলিতেও বজায় রাখবেন।

ওয়েস্ট ইন্ডিজ টস জিতে সফরকারীদের ব্যাট করতে পাঠায় এবং প্রথম বলেই তারা ধাক্কা দেয় ভারতীয় শিবিরে যখন ওবেদ ম্যাককয় ভারতীয় অধিনায়ককে গোল্ডেন ডাকে আউট করেন। ম্যাককয়ের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে কারণ রোহিতের পর আরও পাঁচ ভারতীয় ব্যাটারকে আউট করে বাঁ-হাতি পেসার ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে স্পেল শেষ করেছিলেন। তাঁর বিধ্বংসী বোলিংয়ের কারণেই ভারত ১৩৮ রানে সীমাবদ্ধ হয়।

ওয়েস্ট ইন্ডিজের মতো পাওয়ার-হিটারে ভরা ব্যাটিং লাইন-আপের সামনে সেই রান যথেষ্ট ছিল না। তা সত্ত্বেও, সফরকারীরা শেষ অবধি লড়াই করে এবং চার বল বাকি থাকতে ম্যাচ হারে। কম রান তোলার পরেও ২০তম ওভার অবধি ম্যাচ নিয়ে যাওয়ার জন্য অধিনায়ক রোহিত বোলারদের প্রচেষ্টার জন্য প্রশংসা করেছেন এবং আসন্ন ম্যাচ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের পদ্ধতি কী হবে সেই বিষয়ে আলোকপাত করেছেন।

“সত্যিই, বোলাররা যেভাবে বোলিং করেছে তাতে খুবই খুশি। তবে অবশ্যই, আমাদের ব্যাটিংয়ে কিছু বিষয় রয়েছে যা আমাদের দেখতে হবে। তবে আবারও আমি এটা বলব: আমরা সেই ধরণের ব্যাটিং চালিয়ে যাব। কারণ আমরা কিছু অর্জন করতে চাই। আপনি যদি চেষ্টা না করেন এবং এটি না করতে থাকেন, আপনি অর্জন করতে পারবেন না,” ম্যাচ-পরবর্তী আলোচনায় ভারতীয় অধিনায়ক বলেছেন।

আমরা ব্যাট হাতে একই তীব্রতা এবং একই অভিপ্রায় রাখব: রোহিত শর্মা

উল্লেখ্য, এই প্রথমবার নয় যে কোনও দল এই পদ্ধতিটি গ্রহণ করেছে কারণ ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার পরে ইয়ন মর্গ্যান দলের ব্যাটিংয়ের খোলনলচে বদলে দিয়েছিলেন চরম আগ্রাসী ব্যাটিং পদ্ধতি গ্রহণ করে। তার পুরস্কার হিসেবে ২০১৯ সালে প্রথমবারের জন্য ওডিআই বিশ্বকাপ জেতে তারা। রোহিত বলেছেন যে কিছু ম্যাচে হারলেও আতঙ্কিত হওয়ার দরকার নেই, এবং তাঁরা ব্যাট হাতে একই অভিপ্রায় বজায় রাখবেন।

“সুতরাং, আমি মনে করি, এখানে-সেখানে কিছু ফলাফল হাতের বাইরে গেলেও, আমাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। বিষয়টি হল খেলোয়াড়দের স্পষ্টতা দেওয়া, এবং একটি হারের পরে আমরা কিছু পরিবর্তন করার চেষ্টা করছি না। আমরা ব্যাট হাতে একই তীব্রতা এবং একই অভিপ্রায় রাখব,” যোগ করেছেন ওপেনার।

close whatsapp