কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফিরে আসায় উচ্ছ্বসিত তেন্ডুলকার
মাস্টার ব্লাস্টার মনে করেন এর ফলে ক্রিকেট অনেক বেশী দর্শকের কাছে পৌঁছবে
আপডেট করা - Jul 29, 2022 7:08 pm

কমনওয়েলথ গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তনে দেখে কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকার তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। হরমনপ্রীত কউরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল বর্তমানে মেগা ইভেন্টে অংশ নিচ্ছে। ভারত বার্মিংহ্যামের এজব্যাস্টনে মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং ৩ উইকেটে হেরে যায়।
ম্যাচ শুরুর আগে, হরমনপ্রীত কউর ও তাঁর সতীর্থদেরকে ইভেন্টে তাঁদের অভিযানের আগে শুভেচ্ছা জানান তেন্ডুলকার। মাস্টার ব্লাস্টার আশা করেছেন যে কমনওয়েলথ গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির ফলে মহিলাদের ক্রিকেট অনেক উপকৃত হবে এবং বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছতে পারবে।
তেন্ডুলকার টুইটারে লিখেছেন, “কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে ফিরে আসতে দেখা অনবদ্য। আশা করি এর ফলে আমাদের সুন্দর খেলাটি নতুন দর্শকদের কাছে পৌঁছে যাবে। @BCCIWomen’s Team কে তাদের #CWG22 অভিযানের জন্য শুভকামনা।”
সচিনের টুইট
Wonderful to see cricket back in the Commonwealth Games.
Hope this takes our beautiful game to newer audiences. Best wishes to @BCCIWomen’s team for their #CWG22 campaign.— Sachin Tendulkar (@sachin_rt) July 29, 2022
মাস্টার ব্লাস্টারের টুইটে মন্তব্য করেছেন মার্নাস ল্যাবুশেন
সচিন কমনওয়েলথ গেমসে ক্রিকেটের পক্ষে কথা বলার পর, অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার মার্নাস ল্যাবুশেন কিংবদন্তির সাথে একমত হন। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচটি উত্তেজক হওয়ার আশা করেছিলেন। ল্যাবুশেন সচিনকে জবাব দিয়ে লিখেছেন, “একমত সচিন। অস্ট্রেলিয়া বনাম ভারতের ম্যাচটি দিয়ে দুর্দান্ত শুরু হতে চলেছে।”
ম্যাচের প্রসঙ্গে, স্মৃতি মান্ধানা ও শাফালি ভার্মা ভারতকে ভালো শুরু এনে দেন। স্মৃতি ১৭ বলে ২৪ করে কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেও শাফালি আগ্রাসী ব্যাটিং অব্যাহত রাখেন এবং ৯টি চার মারেন। বাঁ-হাতি স্পিনার জেস জোনাসেনের বলে কট বিহাইন্ড হওয়া শাফালি ৩৩ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংসে খেলেন।
তবে শাফালি আউট হতেই ভারতের রানের গতি রুদ্ধ হয় এবং নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। অধিনায়ক হরমনপ্রীত ক্রিজের এক প্রান্ত ধরে রাখলেও অন্য প্রান্ত থেকে অস্ট্রেলিয়া ধারাবাহিকিভাবে উইকেট নিতে থাকে। চার ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে জোনাসেন ছিলেন অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সেরা। ৩৪ বলে ৫২ করে হরমনপ্রীত ভারতকে ১৫৪/৮-এ পৌঁছে দেন।
বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায়। অ্যালিসা হিলি ডাকে আউট হওয়ার পর তৃতীয় ওভারে চার বলের ব্যবধানে মেগ ল্যানিং ও বেথ মুনিও প্যাভিলিয়নের পথ ধরেন। তিনটি উইকেটই নেন রেণুকা সিং ঠাকুর। নিজের তৃতীয় ওভারে টালিয়া ম্যাকগ্রাকে আউট করে ভারতকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন রেণুকা (৪/১৮)।
তবে ৪৯/৫ থেকে গ্রেস হ্যারিস (২০ বলে ৩৭) ও অ্যাশলেই গার্ডনারের (৩৫ বলে ৫২) পাল্টা-আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে অসহায় দেখায় ভারতের বোলারদের। শেষ অবধি এক ওভার বাকি থাকতেই ৩ উইকেট হাতে নিয়ে জয়লাভ করে অস্ট্রেলিয়া।