বিরাট কোহলিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন দীলিপ ভেঙ্গসরকার
আপডেট করা - Jul 21, 2022 10:15 pm

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন তারকা ক্রিকেটার দিলীপ ভেঙ্গসরকার। শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে ভারত। এরপরই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু এই গোটা সফরেই বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটাই যেন মেনে নিতে অসুবিধা হচ্ছে প্রাক্তন তারকা ক্রিকেটার দীলিপ ভেঙ্গসরকারের। তাঁর মতে যদি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হয় তবে বিরাট কোহলিকে অনেক বেশী ম্যাচ খেলতে হবে।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না। ২০১৯ সালের নভেম্বরে শেষবার সেঞ্চুরী পেয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এরপর থেকেই আর বিরাট কোহলির ব্যাটে বড় রানের ঝলক নেই। টেস্ট থেকে টি টোয়েন্টি এবং একদিনের ম্যাচ। কোনও জায়গাতেই বিরাট কোহলি সাফল্যের মুখ দেখতে পাননি। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধেও বিরাট কোহলি চূড়ান্ত ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্রাম দেওয়াতেই খানিকটা চমকে গিয়েছেন দীলিপ ভেঙ্গসরকার।
ইংল্যান্ডের বিরুদ্ধে রান পেতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি
যদিও তিনিও একাই নন। বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার ব্যপারটা অনেক প্রাক্তন ক্রিকেটারই সেভাবে সমর্থন দেখাতে পারেননি। যদিও শেষপর্যন্ত বিরাট কোহলিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গোটা সফরেই বিশ্রাম দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ফর্ম্যাটেই খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। সেখানে টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩১ রানই করতে পেরেছিলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটেও দুই ম্যাচে ১৬ ও ১৭ রান করতে পেরেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে যদি বিরাট কোহলিকে তাঁর পুরনো ফর্মে খেলাতে হয় তবে যত বেশী সম্ভব ম্যাচ খেলানো উচিত্ বলেই মনে করছেন দীলিপ ভেঙ্গসরকার। এই প্রসঙ্গে দীলিপ ভেঙ্গসরকার জানিয়েছেন, “আমি বুঝতে পারছি না কেন ভারতীয় দলের নির্বাচকরা বিরাট কোহলিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম দিয়েছেন। যদি বিরাট কোহলি ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের প্ল্যানিংয়ে থাকেন, তবে যত বেশী সম্ভব ম্যাচ তাঁকে খেলানো উচিত্। এরফলে বিরাট কোহলির ফর্ম ফেরার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ারও সম্ভাবনা রয়েছে। তিনি সাহায্যও পাবেন অনেক”।
এবারের আইপিএলেও বিরাট কোহলি একেবারেই সফল হতে পারেননি। গোটা আইপিএলে বিরাট কোহলি মাত্র একটি অর্ধশতরান পেয়েছেন। শুধু তাই নয় পরপর তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরতেও দেখা গিয়েছে তাঁকে। আইপিএলের পরই দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু এখনও পর্যন্ত ফর্মে ফিরতে পারেননি।
এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এমন বিশ্রাম দেওয়ার পরও কী বিরাট কোহলি ফর্মে ফিরতে পারবেন, তা নিয়েই এখন চর্চা তুঙ্গে।