ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ওডিআই সিরিজ: কোন টিভি এবং অনলাইন চ্যানেলে দেখা যাবে, সম্প্রচারের যাবতীয় বিবরণ

ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান

India vs West Indies
India vs West Indies. (Photo Source: Twitter)

ইংল্যান্ডে ২-১ ব্যবধানে সফলভাবে ওডিআই সিরিজ জয়ের পর, ২২শে জুলাই শুক্রবার থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এই ফর্ম্যাটে পরপর দুটি সিরিজ জয়ের দিকে তাকিয়ে থাকবে দল। ভারতীয় দল ২০১৪ সালের পর ইংল্যান্ডের মাটিতে তাদের প্রথম একদিনের সিরিজ জয় নথিভুক্ত করায় আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে নামবে।

সিনিয়র ওপেনার শিখর ধাওয়ান ওডিআই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন এবং তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা তাঁর সহকারী হিসেবে থাকবেন। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কিন্তু একই প্রতিপক্ষের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মেন ইন ব্লুকে নেতৃত্ব দিতে ফিরবেন তিনি। চোট সারিয়ে কেএল রাহুল ও রিস্ট-স্পিনার কুলদীপ যাদব টি-টোয়েন্টি সিরিজে ফিরে আসবেন, তবে তাদের অংশগ্রহণ ফিটনেসসাপেক্ষ।

ব্যাটিং তারকা বিরাট কোহলি, পেস বিভাগের প্রধান জসপ্রিত বুমরাহ্‌ ও উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্তের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হওয়ায় বেশ কিছু অনভিজ্ঞ খেলোয়াড়দের পরখ করার সুযোগ পাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষাও হবে এই সিরিজে।

ওয়েস্ট ইন্ডিজের দৃষ্টিকোণ থেকে সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তারা সম্প্রতি বাঙ্গালদেশের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছে ঘরের মাঠে। সেই স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়কেই তারা এই সিরিজেও ধরে রেখেছে, তবে অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের কম্বিনেশন মজবুত করবে।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ওডিআই সিরিজের ম্যাচ ভারতে কখন এবং কোথায় দেখা যাবে?

প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ হবে ২২শে জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি যথাক্রমে ২৪ ও ২৭ তারিখে আয়োজিত হবে। তিনটি ওয়ানডে ম্যাচই ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে আয়োজিত হবে। সমস্ত খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে। ডিডি স্পোর্টস চ্যানেলের মাধ্যমে ম্যাচগুলি টেলিভিশনে সম্প্রচার করা হবে। ফ্যানকোড অ্যাপে ম্যাচগুলি লাইভ-স্ট্রিম করা হবে।

কোন দলে কারা থাকছে?

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

নিকোলাস পুরান (অধিনায়ক), শে হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কিসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুড়াকেশ মোতি, কিমো পল, রভম্যান পাওয়েল, জেডেন সিলস।

ভারত স্কোয়াড

শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শুবমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।

close whatsapp