ইংল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরার বিধ্বংসী বোলিং দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকর
আপডেট করা - Jul 13, 2022 4:29 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে কেরিয়ারের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে একাই কার্যত শেষ করে দিয়েছিলেন মঙ্গলবার। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর। জসপ্রীত বুমরার এমন পারফরম্যান্সের প্রশংসা না করে আর থাকতে পারেননি তিনি। টুইটারেই ভারতীয় দলের তারকা স্পীডস্টারকে প্রশংসায় ভরালেন মাসটার ব্লাস্টার। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে একাই ৬ উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ।
ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিমের ম্যাচে নেমেছিল ভারত। সেই ম্যাচেই টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপের পর প্রথমবার ইংল্যান্ড শিবির পূর্ণশক্তির ব্যাটিং লাইনআপ নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু জসপ্রীত বুমরার জাদু চললে যে কোনও তারকার পক্ষেই বড় ইনিংস খেলা সম্ভব নয় তা বেশ স্পষ্ট। মঙ্গলবার ইংল্যান্ড দলকে সেটাই বুঝিয়ে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ রান দিয়ে একাই ৬ ুইকেট তুলে নিয়েছিলেন তিনি।
৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরষ্কার ছিনিয়ে নিয়েছেন জসপ্রীত বুমরাহ
ম্যাচের প্রথম ওভার থেকেই এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন জসপ্রীত বুমরাহ। তাঁর ৬ রানের মধ্যেই ব্রিটিশদের সেরা দুই তারকাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি। তাঁর বোলিংয়ের এদিন কোনও জবাবই ছিল না ব্রিটিশ ব্যাটারদের সামনে। হবেই বা কী করে। এদিন ওভালের বাইশগজে যে শুধুই ছিল জসপ্রীত বুমরার রাজসত্ব। জেসন রয়ের উইকেট নিয়ে শুরু হয় বুমরাহ ঝড় আপর তা শেষ হয় ব্রাইডন কার্সের উইকেট নিয়ে।
জসপ্রীত বুমরার এমন পারফরম্যান্স দেখার পরই নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে সময় নষ্ট করেননি সচিন তেন্ডুলকর। টুইটারে সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “ওভালের পিচে এদিন যথেষ্ট বাউন্স ছিল এবং ভারতীয় বোলাররা সঠিক লাইন ও লেন্থে বোলিং করেছেন এদিন। সেটাই ম্যাচের পার্থক্য তৈরি করে দিয়েছিল। ভারতীয় দলের পেস আক্রমণের পারফরম্যান্সও এদিন অসাধারণ ছিল। বিশেষ করে জসপ্রীত বুমরার পারফরম্যান্স দুর্ধর্ষ”।
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, লিয়াম লিভিংস্টোনদের শুরুতেই সাজঘরের রাস্তা দেখিয়ে ভারতের জয়ের পথটা প্রশস্ত করে দিয়েছিলেন। যদিও বুমরাহ ঝড় তখনও কমেনি। শেষের দিকে এসে উইলি ও কার্সকে তুলে নিয়ে ইংল্যান্ডকে ১১০ রানেই থামিয়ে দেন তিনি। ঘরের মাঠে আরও একটা খারাপ স্মৃতির স্বাক্ষী হয়ে রইল ইংল্যান্ড। বুধবারই আইসিসির ক্রম তালিকায় শীর্ষে উঠে এসেছেন জসপ্রীত বুমরাহ। শেষ দুই ম্যাচেও তাঁর হাত থেকে এমন বোলিং পারফরম্যান্স দেখার আশাতেই সকলে।