বিরাট কোহলির ব্যর্থতা প্রসঙ্গে এবার মুখ খুললেন সুনীল গাভাসকর
আপডেট করা - Jul 7, 2022 11:09 am

২০১৯ সালের পর থেকে বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরীর দেখা নেই। প্রায় তিন বছর হয়ে গেল বিরাট কোহলি থেমে রয়েছেন কেরিয়ারের ৭০টি সেঞ্চুরীতেই। প্রতি ম্যাচে কোহলির ব্যাট থেকে সেঞ্চুরীর প্রত্যাশা নিয়ে সকলে ম্যাচ দেখতে বসলেও, হতাশা ছাড়া আর কিছুই মেলেনি তাদের। আর সময় যত এগোচ্ছে বিরাট কোহলিকে নিয়ে কথাবার্তাও ততই বাড়তে শুরু করেছে। সমালোচনার সুর আরও চড়া হচ্ছে এখন। বিরাট কোহলির এই পারফরম্যান্স নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন তারকা সুনীল গাভাসকর।
ইংল্যান্ডের বিরুদ্ধে গত ১ জুলাই সিরিজ নির্ণায়ক টেস্টে নেমেছিল ভারতীয় দল। সিরিজের দিকে তো বটেই, সকলের চোখ যে বিরাট কোহলির দিকেও ছিল তা বলার অপেক্ষা রাখে না। এজবাস্টনের সেই কঠিন পরীক্ষাতেও য়ে বিরাট কোহলি উতরাতে পারেননি তা বলাই বাহুল্য। দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলি করেছিলেন মাত্র ৩১ রান। প্রথম ইনিংসে প্রাক্তন ভারত অধিনায়ক আউট হন ১১ রানে এবং দ্বিতীয় ইনিংসে বিরাট সাজঘরে ফেরেন ২০ রানে।
আর বিরাট কোহলির এমন পারফরম্যান্স নিয়ে যে কথাবার্তা উঠবে তা তো বলাই বাহল্য। বিরাট কোহলির কেন এমন হচ্ছে তা নিয়েই এবার মুখ খুলেছেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে ইংল্যান্ডের মাটিতে খানিকটা ধীরেই ক্রিকেট খেলা উচিত্। কিন্তু বিরাট একটু তাড়াহুড়োই করেছে। ২০১৮ সালে ইংল্যান্ডে এই বিরাট কোহলির ব্যাট থেকেই এসেছিল বড় রান। কিন্তু এখন সেই বিরাট কেহলি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন।
এজবাস্টনে পঞ্চম টেস্টে দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলির রান মাত্র ৩১
স্পোর্টস টুডে-তে সুনীল গাভাসকর জানিয়েছেন, “ইংল্যান্ডে ব্যাটিং করার প্রধান চাবিকাঠিই হল ধীর গতিতে খেলা। তারপর বলের দিকে নজর রাখো এবং সেভাবেই খেল। হাইলাইটসে আমি যা দেখলাম যে বিরাট কোহলি বারবারই বলের কাছে পৌঁছতে চাইছেন এবং একটু তাড়াহুড়োই করছেন”।
২০২১ সালেও ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের মুখ দেখতে ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। সেই বছর চারটি টেস্টের মধ্যে মাত্র দুটো অর্ধশতরান করতে পেরেছিলেন বিরাট কোহলি। এই বছর পঞ্চম টেস্টে তাঁর থেকে বড় রানের প্রত্যাশা থাকলেও, হতাশা ছাড়া আর কিছুই মেলেনি। গোটা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিরা কোহলির রান ২৪৯। সেখানে তাঁরই অন্যতম প্রতিদ্বন্দ্বী জো রুট এই সিরিজে রানের পাহাড়ে রয়েছেন।
পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে জো রুট করেছেন ৭৩৭ রান। ভারত বনাম ইংল্যান্ড টেস্টে সর্বোচ্চ রানের মালিক এখন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক। শেষ টেস্টেও তাঁর শতরানে ভর করেই ম্যাচ জিতেছে ইংল্যান্ড। সময় ক্রমশই এগিয়ে চলেছে। বিরাট কোহলি কবে বড় রানের মুখ দেখেন সেটাই এখন দেখার।