চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামতে পারলেন না বিরাট কোহলি
আপডেট করা - Jul 12, 2022 6:12 pm

জল্পনাটা সোমবার রাত থেকেই শুরু হয়েছিল। অপেক্ষাটা ছিল মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ ঘোষণার। সেখানেই সরকারীভাবে বিরাট কোহলির প্রথম একদিনের ম্যাচে না থাকার কথা জানিয়ে দেওয়া হল টিম ম্যানেজমেন্টের তরফে। তাঁর চোট নিয়ে গতকাল থেকেই একা গুঞ্জন শুরু হয়েছিল। আর সেজন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হল বিরাট কোহলিকে। চোটের কথা মাথায় রেখে বিরাট কোহলিকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ভারতীয় দলের হয়ে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বিরাট কোহলির। ২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে বিরাট কোহলির ব্যাটে কোনও সেঞ্চুরী নেই। একের পর এক ম্যাচে শুধুই ব্যর্থতা বিরাট কোহলির নিত্য সঙ্গী হয়ে উঠেছে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে চোটের জন্য প্রথম একদিনের ম্যাচ থেকে ছিটকে গেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। যদিও তাঁর চোট কোথায় রয়েছে তা অবশ্য ভারতীয় দলের তরফে জানানো হয়নি। তাঁর জায়গায় এই ম্যাচে দলে এসেছেন শ্রেয়স আইয়ার।
ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত সাফল্যের মুখ দেখতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। এজবাস্টনে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টে নেমেছিলেন তিনি। রোহিতের অনুপস্থিতিতে সিনিয়র ক্রিকেটার হিসাবে বিরাট কোহলির ওপর দায়িত্ব যে বেশী ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩১ রানই করতে পেরেছিলেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে করেছিলেন ১১ রান এবং দ্বিতীয় ইনিংসে ২০ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও নামতে পারলেন না তিনি।
বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলে এলেন শ্রেয়স আইয়ার
এই প্রসঙ্গে টস হওয়ার সময় রোহিত শর্মা জানিয়েছেন, “বিরাট কোহলির চোট থাকার জন্য এই ম্যাচে খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় দলে এসেছেন শ্রেয়স আইয়ার। পর্যবেক্ষণে রাখা হয়েছে বিরাট কোহলিকে”।
বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। কপিল দেব, বীরেন্দ্র সেওয়াগদের মতো তারকারা বিরাট কোহলিকে দলে রাখা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। মাত্র দুদিনের ব্যবধানে হঠাত্ই বিরাট কোহলির চোট হয়ে ছিটকে যাওয়ার ব্যপারেও বেশ হতবাকই হয়েছেন অনেকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের পরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে ভারতের সামনে। সেখানেও অবশ্য বিরাট কোহলি সহ বাকি বেশকিছু সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। আবার শোনাযাচ্ছে টি টোয়েন্টি সিরিজের জন্যও নাকি বিরাট কোহলি বিশ্রাম চেয়েছেন। সেই সিদ্ধান্ত অবশ্য টিম ম্যানেজমেন্টের ওপরই ছেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু হঠাত্ই প্রথম একদিনের ম্যাচে বিরাট কোহলির চোট পেয়ে ছিটকে যাওয়া কিন্তু অনেক প্রশ্নই তুলে দিচ্ছে।