আফগানিস্তান বিপদে ফেলতে পারে ভারত, পাকিস্তানের মতো দলকে, মত শাহিদ আফ্রিদির
গতকাল ১৩০ রানের রেকর্ড ব্যবধানে জেতে আফগানিস্তান
আপডেট করা - Oct 26, 2021 2:10 pm

দাপটের সাথেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করেছে আফগানিস্তান। শারজার স্লো পিচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া আফগানরা ওপেনারদের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। দলের পক্ষে অর্ধশতক হাঁকান নাজিবউল্লাহ জাদরান। ৩৪ বলের মোকাবেলায় ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৯ রান করেন তিনি।
এছাড়া অন্যান্যদের মধ্যে হজরতউল্লাহ জাজাই ৩০ বলে ৪৪, রহমানউল্লাহ গুরবাজ ৩৭ বলে ৪৬ ও মোহাম্মদ শাহজাদ ১৫ বলে ২২ রান করেন। অধিনায়ক নবী ৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। স্কটিশদের পক্ষে সাফইয়ান শরীফ শিকার করেন জোড়া উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে সুইপ শটে পারদর্শিতা দেখিয়ে ঝড়ো শুরু এনে দেন জর্জ মান্সে। তবে স্কটিশদের এই দাপট বেশিক্ষণ চলতে দেননি মুজিব উর রহমান। দ্বিতীয় ওভারে বল হাতে নেওয়া মুজিব একে একে শিকার করেন পাঁচটি উইকেট, মাত্র ২০ রানের খরচায়।
স্কটল্যান্ডকে ১৩০ রানের রেকর্ড গড়া ব্যবধানে হারিয়ে মহম্মদ নবির দল যেন বড় দলগুলোকে বার্তা দিয়ে রাখল। এমনটিই মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি।
বিশ্বকাপে আফগানদের অংশগ্রহণ নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। দেশের রাজনীতির চিত্র বদলে যাওয়ায় পাকিস্তানের ক্রিকেট আছে একঘরে হয়ে পড়ার শঙ্কায়। নিজ দেশে অনুশীলন করতেও একসময় বেগ পেতে হয়েছে ক্রিকেটারদের। অথচ এত টানাপড়েনের বিন্দুমাত্র ছাপ নেই দলটির পারফরম্যান্সে।
নিশ্চিতভাবেই বড় দলগুলোকে বিপদে ফেলতে পারে
এমন বাদশাহি পারফরম্যান্সের পর আফ্রিদির ধারণা, ‘গ্রুপ টু’-তে বড় দলগুলোর কাছে বিপদের কারণ হতে পারে আফগানিস্তান। নামিবিয়া ছাড়াও এই গ্রুপে আফগানিস্তান খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে।
বিশ্বকাপ চলছে মরু দেশ সংযুক্ত আরব আমিরশাহীতে। এখানে আফগানদের পারফরম্যান্স ভারত-পাকিস্তানের জন্য হতে পারে মাথাব্যথার কারণ, ধারণা আফ্রিদির। এক টুইট বার্তায় আফ্রিদি লিখেছেন, “এই দল নিশ্চিতভাবেই বড় দলগুলোকে বিপদে ফেলতে পারে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে।”
দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করা এশিয়ার দলটিকে প্রশংসায়ও ভাসিয়েছেন আফ্রিদি। তিনি লেখেন, “আফগানিস্তান কী পারফরম্যান্সটাই না দেখাল! এই দলে সত্যিই কয়েকজন ম্যাচ উইনার আছে। শক্তিশালী ব্যাটার আছে, বিশ্বমানের স্পিনার আছে। দারুণ করেছো মুজিব।”
What a performance Afghanistan! This team has some serious match winners, quality batters and world-class spinners. Top work Mujeeb, this team can surely cause a lot of trouble for major teams especially in UAE conditions.
— Shahid Afridi (@SAfridiOfficial) October 25, 2021