দ্বিতীয় টি২০-তে দীপক হুডার সুযোগ না পাওয়ায় হতাশ ইরফান পাঠান
আপডেট করা - Jul 9, 2022 9:02 pm

ভারতের হয়ে পরপর ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখালেও ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে দীপক হুডাকে বাইকরে রেখেই প্রথম একাদশ নির্বাচন করেছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। আর তাতেই খানিকটা হলেও অসন্তুষ্ট প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। দীপক হুডার ভারতীয় দল থেকে বাইরে থাকার ঘটনাকে দূর্ভাগ্যজনক বলেই মনে করছেন ইরফান পাঠান। সরাসরি না বললেও, এই ম্যাচেও যে দীপক হুডাকে ভারতীয় দলে তিনি দেখতে চেয়েছিলেন, তা বেশ স্পষ্ট।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে রোহিত শর্মা ফিরলেও, তারকা ক্রিকেটারদের না রেখেই দল গঠন করা হয়েছিল। সেই ম্যাচে তিন নম্বরে খেলানো হয়েছিল দীপক হুডাকে। বিরাট রান করতে না পারলেও, তাঁর পারফরম্যান্স বেশ খুশিই করেছিল সকলকে। কিন্তু সেই দীপক হুডাকেই এই ম্যাচে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ম্যাচেই ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি, ঋষভ পন্থরা। তাই স্বভাবতই যে দীপক হুডাকে বসানো হবে তা বলাই বাহুল্য।
কিন্তু এই মুহূর্তে দীপক হুডা যে ফর্মে রয়েছেন, তাতে এই ম্যাচেও ২৭ বর্ষীয় এই তরুণ ক্রিকেটারকে দলে দেখার ব্যপারে আশাবাদী ছিলেন ইরফান পাঠান। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও দীরক হুডা ব্যাট হাতে বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। ১৭ বলে ঝোরো ৩৩ রানের ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে ১৯৮ রানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ জিতেওছিল ভারতীয় দল।
শেষ তিন ম্যাচে দীপক হুডার ১৯৮ রান রয়েছে
কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টিতেই সুযোগ হয়নি দীপক হুডার। আর সেই এই ঘটনাতে দূর্ভাগ্যজনকই বলেছেন ইরফান পাঠান। সোশ্যাল সাইটে ইরফান পাঠান লিখেছেন, “এমন দুর্ধর্ষ ফর্মে থেকেও দীপক হুডার এই ম্যাচে সুযোগ না পাওয়াটা সত্যিই খুব দূর্ভাগ্যজনক একটা ঘটনা”।
Very unfortunate for Deepak Hooda to miss out in this red hot form.
— Irfan Pathan (@IrfanPathan) July 9, 2022
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে দীপক হুডার পারফরম্যান্সের জেরেই জিততে পেরেছিল ভারতীয় দল। সেই ম্যাচে এক রানের জন্য অর্ধশতরান ফস্কে গিয়েছিল দীপক হুডার। কিন্তু দ্বিতীয় ম্যাচে আর কোনও ভুল হয়নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দীপক হুডার হাত ধরেই রানের পাহাড়ে পৌঁছেছিল ভারতীয় দল। ৫৭ বলে ১০৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন দীপক হুডা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সেরাও হয়েছিলেন এই তরুণ তারকা ক্রিকেটার।
অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও ১৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। প্রায় ২০০ রানের স্ট্রাইকরেট রেখেই সেই ম্যাচে রান করেছিলেন দীপক হুডা। এই মুহূর্তে তিন ম্যাচ মিলিয়ে দীপক হুডার রান ১৯৮।