ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষিত, অধিনায়ক শিখর ধাওয়ান

১৬ জনের স্কোয়াডের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাডেজা

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Photo by Brett Hemmings/Getty Images)

টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাদের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সিরিজটি ২২শে জুলাই থেকে শুরু হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, জসপ্রিত বুমরাহ্‌, ঋষভ পান্তের মতো বেশ কয়েকজন বিশিষ্ট খেলোয়াড় বিশ্রাম পাওয়ায় দলের অধিনায়ক করা হয়েছে শিখর ধাওয়ানকে। উল্লেখ্য, রবীন্দ্র জাডেজা ক্যারিবিয়ান সফরের পঞ্চাশ ওভারের ফর্ম্যাটের সিরিজে ধাওয়ানের সহকারী হবেন।

টিম ইন্ডিয়া বর্তমানে তিনটি ওডিআই এবং সমসংখ্যক টি-টোয়েন্টি খেলার জন্য স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচকরা ইংল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করলেও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডেতে তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে। এদিকে, ক্যারিবিয়ান সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ আর মাত্র কয়েক মাস পরেই শুরু হবে বলে সেই স্কোয়াডে নিয়মিত সদস্যরা থাকবেন, এমন আশা করা হচ্ছে।

দেড় বছর পর ওডিআই দলে প্রত্যাবর্তন শুবমান গিলের

টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে ফোকাস যত বাড়ছে তত টিম ইন্ডিয়া ফর্ম্যাটের ভিত্তিতে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়াকে প্রাধান্য দিচ্ছেন। ওডিআই সিরিজে দলে জায়গা পাওয়া শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসনরা অবশ্য এই সিরিজটিকেও টি-২০ বিশ্বকাপের অডিশন হিসেবে দেখতে পারেন। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে চলা টি-টোয়েন্টি স্কোয়াডের নাম ঘোষণা করা হবে, আশা করা যায়।

যে সমস্ত ভারতীয় খেলোয়াড় এজব্যাস্টনে ৫ম টেস্টে খেলেছিলেন তাঁরা ইংল্যান্ডের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে থাকছেন না, ফলে ৭ই জুনের ম্যাচে রাহুল ত্রিপাঠী, অর্শদীপ সিংদের আন্তর্জাতিক অভিষেক হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজেও অর্শদীপ সিং সুযোগ পেয়েছেন এবং সেখানে তাঁর ওডিআই অভিষেক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। ভারতের হয়ে ৮টি টি-২০ খেলে ফেললেও ৫০ ওভারের ফর্ম্যাটে কখনও না খেলা আভেশ খানও ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন। 

সীমিত ওভারের ফর্ম্যাটে অনেক দিন পর ফিরে এসেছেন শুবমান গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে উমরান মালিক থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬ জনের স্কোয়াডে তাঁর জায়গা হয়নি।

ওয়েস্ট ইন্ডিজ ওডিআইয়ের জন্য ভারতের স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শুবমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং। 

close whatsapp