প্রথম ম্যাচের পর ডাবলিনে দ্বিতীয় টি টোয়েন্টিতেও বৃষ্টির ভ্রুকুটি

Umran-Malik
Umran-Malik. ( Photo Source: BCCI )

বৃষ্টিতে ভেস্তে না গেলেও, প্রথম  ম্যাচে বৃষ্টির জন্য খেলা হয়েছিল সংক্ষিপ্ত ওভারে। এবার দ্বিতীয় টি টোয়েন্টিতেও কী সেই একই ছবি দেখা যেতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো তেমনই। শোনাযাচ্ছে আয়ারল্যান্ড বনাম ভারতের দ্বিতীয় টি টোয়েন্টিতেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আর তাতেই যেন সিঁদুরে মেঘ দেখছে সকলে। ডাবলিনে দ্বিতীয় ম্যাচও কী শেষপর্যন্ত সংক্ষিপ্ত ওভারেই হবে। নাকি ২০ ওভারের ম্যাচ দেখা যাবে। এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

বৃষ্টির জন্য আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রায় দু ঘন্টা ২০ মিনিট পর শুরু হয়েছিল ম্যাচ। ২০ ওভারের জায়গায় সেই ম্যাচ হয়েছিল ১২ ওভারে। সেইসঙ্গে প্রবল বৃষ্টির জন্য  নেমেছিল তাপমাত্রার পারদও। ম্যাচ শেষে যেকথা বলতে শোনা গিয়োছিল যুজবেন্দ্র চাহালকেও। অতিরিক্ত ঠান্ডা ভারতীয় দলের দিকে যে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল তা বেশ স্পষ্ট ছিল। যদিও সেই ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জিতে সিরিজে-১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।

মঙ্গলবার ভারতীয় সময় কাত ৯টার সময় আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে নামার কথা ভারতের। কিন্তু সেই ম্য়াচের আগেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শোনাযাচ্ছে রবিবারের মতো এদিনও ম্যাচের সময় হতে পারে বৃষ্টি। আর সেইসঙ্গে ফের একবার দেরীতে ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনাও দেখা দিতে শুরু করেছে। আর এই খবরটা যে ক্রিকেট সমর্থকদের কাছে খুব একটা পছন্দের নয়, তা বলাই বাহুল্য।

আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি টোয়েন্টিতেও বৃষ্টির পূর্বাভাস

বিবিসি ডক কমের খবর অনুযায়ী, দ্বিতীয় টি টোয়েন্টির দিনও রয়েছে বৃষ্টি হওয়ার পূর্বাভাস। তবে এদিন তাপমাত্রা থাকবে ১৬ থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াস এবং আদ্রতা থাকবে ৬৫ থেকে ৭০ শতাংশ। ম্যাচ চলাকালীনও এই আবহাওয়ার খুব একটা বদল হবে না।

গতম্যাচ ১২ ওভারের হলেও, সেখানে ৭ উইকেটে জিতেছিল ভারতীয় দল। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এদিনও বৃষ্টি হলে টস জিতলে যে হার্দিক সেই একই সিদ্ধান্ত নিতে পারেন, তা নিয়ে খুব একটা সংশয় নেই। একইসঙ্গে সকলে দ্বিতীয় টি টোয়্ন্টিতে নতুন কোনও ক্রিকেটারের অভিষেক হয় কিনা সেদিকেও তাকিয়ে রয়েছেন।

গতম্যাচে প্রথমবার ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল উমরান মালিকের। যদিও কেরিয়ারের প্রথম ম্যাচেই সেভাবে সাফল্য পাননি তিনি। এখনও বসে রয়েছেন অর্শদীপ এবং রাহুল ত্রিপাঠি। এই দুই ক্রিকেটারের মধ্যে কারোর এদিন অভিষেক হয় কিনা তারই অপেক্ষায় রয়েছেন সকলে। একইসঙ্গে পুরো ২০ ওভার হওয়ার ব্যপারেও আশাবাদী ক্রিকেট ভক্তরা।

close whatsapp