রাজকোটে চতুর্থ টি টোয়েন্টিতেই দক্ষিণ আফ্রিকা শিবিরে ফিরতে পারেন কুইন্টন ডি’কক
আপডেট করা - Jun 16, 2022 6:04 pm

আর এক ম্যাচ জিততে পারলেই ভারতের ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতে নেবে দক্ষিণ আফ্রিকা। করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই গোটা সিরিজ থেকে ছিটকে গিয়ছেন এডেন মার্করাম। সেইসঙ্গে একটা স্বস্তির খবরও রয়েছে দক্ষিণ আফ্রিকা শিবিরে। শোনাযাচ্ছে রাজকোটে চতুর্থ টি টোয়েন্টিতেই নাকি দক্ষিণ আফ্রিকা শিবিরে ফিরতে চলেছেন কুইন্টন ডিকক। হাতের চোটের জন্য পরপর ুই ম্যাচে খেলতে না পারলেও এই ম্যাচে নাকি সুস্থ হয়ে ফিরতে পারেন ডিকক।
আইপিএলের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই প্রথম টি টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে ভারত। দলের সিনিয়ের ক্রিকেটারদের বিশ্রামেরই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তরুণ ভারতীয় ব্রিগেড নেমেছে। পাঁচ ম্যাচের এই সিরিজে পরপর দুই ম্যাচে জিতে ইতিমধ্যেই সিরিজে এগিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও তৃতীয় টি টোয়েন্টিতে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৮ রানে জিতে সিরিজে প্রথম জয় পেয়েছে ভারত।
কিন্তু এখনও পর্যন্ত সিরিজে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এক ম্যাচ জিততে পারলেই সিরিজ পকেটে পুরে ফেলবেন টেম্বা বাভুমারা। আর সেই লক্ষ্যেই কুইন্টন ডিককের সেরে ওঠা যে প্রোটিয়া বাহিনীর কাছে একটা বড় স্বস্তি তা বলাই বাহুল্য। যদিও এখনও পর্যন্ত তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে তেমন কিছু বলা হয়নি। কিন্তু প্রোটিয়া শিবির থেকে ইঙ্গিত কিন্তু বেশ ইতিবাচকই। আল কুইন্টন ডিককের মাঠে ফেরা ভারতের জন্য খানিকটা হলেও চ্যালেঞ্জ বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।
হাতে চোট পাওয়ায় পরপর দুই ম্যাচেই খেলতে পারেননি কুইন্টন ডি’কক
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্ধর্ষ পারফরম্য়ান্স দেখিয়েছিলেন কুইন্টন ডিকক। তাঁর হাত ধরেই ভারতের বিরাট লক্ষ্যের জবাবে যাত্রাটা শুরু করেছিল প্রোটিয়া বাহিনী। ওপেনিংয়ে যথেষ্ট আক্রমণাত্মক মেজাজেই ছিলেন তিনি। যদিও দ্বিতীয় ম্যাচে নামার আগেই কুইন্টন ডিকক চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। হাতের কব্জিতে চোট পরপর দুই ম্যাচেই আর নামতে পারেননি এই তারকা প্রোটিয়া ব্যাটার। তাঁর জায়গাতেই দক্ষিণ আফ্রিকা শিবিরে সুযোগ পেয়েছিলেন হেনরিচ ক্লাসেন।
দক্ষিণ আফ্রিকা শিবির সূত্রে ডিককে নিয়ে জানানো হয়েছে, “কব্জির চোট সারিয়ে ওঠার ব্যপারে কুইন্টন ডিকক অনেকটাই উন্নতি করেছেন। যদিও দক্ষিণ আফ্রিকা শিবিরের মেডিক্যাল স্টাফরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। চতুর্থ ম্যাচে তিনি নামতে পারবেন কিনা তারাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আর তাতেই প্রোটিয়া সমর্থকরা খানিকটা হলেও স্বস্তি পাচ্ছেন”।
এবারের আইপিএলে লখনউয়ের হয়ে ওপেনিংয়ে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন কুইন্টন ডিকক। ভারতের বিরুদ্ধেও তেমনটাই দেখানোর লক্ষ্যে রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মার্করাম ছিটকে গেলেও, ডিককের সুস্থ হয়ে ওঠার খবর অনেকটাই স্বস্তি দিচ্ছে এখন।