অসম্ভব না হলেও সচিনের রেকর্ড ভাঙা জো রুটের পক্ষে যথেষ্ট কঠিন, মনে করেন সুনীল গাভাসকর
আপডেট করা - Jun 14, 2022 2:10 pm

অসম্ভব না হলেও, জো রুটের পক্ষে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙা কঠিন। মনে করছেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। সদ্য নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মালিক হয়েছেন জো রুট। লর্ডস টেস্টের শেষ দিন ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরী করার সঙ্গেই কেরিয়ারের এই নতুন রেকর্ড গড়েছেন তিনি। এরপর থেকেই জো রুটকে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন যে সচিনের সর্বোচ্চ রাের রেকর্ড ভেঙে দিতে পারেন জো রুট।
সেই সম্ভাবনাকে অবশ্য একেবারে উড়িয়ে দিতে পারছেন না প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। কিন্তু জো রুটের পক্ষে এই লক্ষ্য পৌঁছনো যে অত্যন্ত কঠিন কাজ হবে তাও বলতে দ্বিধা করছেন না প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার। তাঁর মতে জো রুট ১০ হাজার রানে পৌঁছলেও, এই মুহূর্তে তাঁর বয়স হয়ে গিয়েছে ৩১ বছর। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে হলে তাঁকে এখনও ৬০০০ রান করতে হবে। অর্থাত্ সামনের ৬ থেকে ৮ বছরে প্রতি বছর অন্তত ৮০০ থেকে ১০০০ রান করতে হবে জো রুটকে। আর টেস্টের মঞ্চে এটা যে যথেষ্ট কঠিন কাজ তা বলার অপেক্ষা রাখে না।
এখনও পর্যন্ত ১৫,৯২ রান করে টেস্ট ক্রিকেটের মঞ্চে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। তাঁর পরেই ১৩,৩৭৮ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। জ্যাক কালিস রয়েছেন তৃতীয় স্থানে এবং রাহুল দ্রাবিড় রয়েছেন চতুর্থ স্থানে। সদ্যই ১০ হাজার রান করে এই তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন জো রুট। এই মুহূর্তে জো রুটের রান রয়েছে ১০,১৯১।
এই মুহূর্তে টেস্টে জো রুটের রান ১০,১৯১
এই সমস্তকিছু দেখেই ইন্ডিয়া টুডে-তে দেওয়া এক সাক্ষাতকারে সুনীল গাভা্সকর জানিয়েছেন, এই রেকর্ড গড়াটা সত্যিই “কঠিন একটা কাজ। কারণ আমরা আরও ৬০০০ রান করার কথা বলছি। যার মানে একটাই দাঁড়াচ্ছে এই রেকর্ডে পৌঁছতে আগামী ৮ বছরে প্রতি মরসুমেই প্রায় ১০০০ থেকে ৮০০ রান করতে হবে জো রুটকে”।
তিনি আরও জানিয়েছেন, “এই মুহূর্তে জো রুটের বয়স ৩১ বছর। তিনি হয়ত ভাঙতে পারেন এই রেকর্ড, তবে এই পারফরম্যান্সের ধারাই অব্যহত রাখতে হবে জো রুটকে”।
ফ্যাব ফোরের মধ্যে জো রুটই প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টের মঞ্চে ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন।শুধুই তাই নয় লর্ডস টেস্ট থেকেই যেন ফের পুরনো ফর্মে ফিরেছেন তিনি। টেন্টব্রিজেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দেড়শো রানের গন্ডী টপকেছেন জো রুট। ১৭৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন জো রুট। যদিও সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে এখনও বহু পথ পেরোতে হবে তাঁকে। সেই অ,সম্ভবকেই প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক সম্ভব করতে পারেন কিনা সেটাই এখন দেখার।