উমরান প্রসঙ্গে গাভাস্কার জানালেন সচিনের পর এই প্রথম কোন ক্রিকেটারকে ভারতের হয়ে খেলতে দেখতে আগ্রহী তিনি
তৃতীয় টি-২০তে উমরান মালিকের অভিষেক হতে পারে
আপডেট করা - Jun 14, 2022 1:07 pm

ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার ভারতীয় ফাস্ট বোলিং প্রতিভা উমরান মালিকের প্রশংসা করে বলেছেন যে উমরানকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখার জন্য ততটাই উদ্গ্রীব, যতটা সচিন তেন্ডুলকারকে দেখার জন্য ছিলেন। গাভাস্কার আরও মনে করেন যে ভাইজাগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ ম্যাচে তরুণ পেসারের ভারতের হয়ে খেলা উচিত।
গাভাস্কার উমরানকে ভাইজাগে ঞ্জাতীয় দলের হয়ে খেলতে দেখতে চাইলেও তিনি মনে করেন যে এটা নির্ভর করে কোন ধরনের উইকেটে খেলা হবে তার উপর। তা ছাড়া তাঁর ধারণা ভারতীয় দল তাদের প্রথম একাদশ নিয়ে পরীক্ষা করতে ইচ্ছুক নাও হতে পারে। ৭২ বছর বয়সী কিংবদন্তী মনে করেন যে ভারতে বর্তমানে পেসার ভুবনেশ্বর কুমার এবং লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল ছাড়া দলে উইকেট নেওয়ার মতো বোলার নেই।
“শেষবার যখন আমি একজন ভারতীয় খেলোয়াড়কে দেখে সত্যিই উত্তেজিত হয়েছিলাম তিনি ছিলেন সচিন তেন্ডুলকার। এবং এর পরে আমি উমরান মালিককে দেখে উচ্ছ্বসিত,” বলেছেন গাভাস্কার।
ভারতের উমরান মালিকের মতো একজন উইকেট-শিকারী দরকার, মনে করেন গাভাস্কার
গাভাস্কার মনে করেন যে, চলমান সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচে, ভুবনেশ্বর ছাড়া কাউকে উইকেট নেওয়ার মতো দেখায়নি এবং এটাই ছিল প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ২১২ রান রক্ষা করতে না পারার প্রধান কারণ।
স্টার স্পোর্টসের শোতে প্রাক্তন ভারতীয় ব্যাটার বলেছেন, “আমি বিশ্বাস করি তার খেলা উচিত, কিন্তু তারা আবার বলতে পারে যে আমাদের তৃতীয় ম্যাচ জিততে হবে এবং তার জন্য তারা পরীক্ষা করার কথা ভাবতে পারে পরের দিকে।”
ডেভিড মিলার এবং রাসি ফান ডার ডাসেনের ১৩১ রানের অপরাজিত চতুর্থ উইকেট জুটিতে ২১২ রান তাড়া করার পরে দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে জয়লাভ করে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচে চার উইকেট এবং দশ বল বাকি থাকতে জিতেছিল, ১৪৮ রানের টার্গেট তাড়া করে। পাঁচ ম্যাচের সিরিজ জয় থেকে এক জয় দূরে দক্ষিণ আফ্রিকা। সিরিজ জয়ের জন্য ভারতকে পরপর তিনটি ম্যাচ জিততে হবে। এই অবস্থা থেকে ভারতের কোন একাদশ ম্যাচ জেতাতে পারে সেই নিয়ে বিস্তর ভাবনাচিন্তা করতে হবে টিম ম্যানেজমেন্টকে।
“অর্শদীপ ও উমরান, আপনি সিরিজের কোনো এক সময়ে তাদের খেলতে দেখতে চান। আপনি অক্টোবরে বিশ্বকাপের জন্য আপনার স্কোয়াড বাছাই করতে চাইছেন তাই আমি মনে করি তাদের একটি সুযোগ দরকার। তাদের একজন উইকেট-গ্রহণকারী বোলার দরকার এবং আমরা এটা জানি উমরান মালিক একজন উইকেট-শিকারী,” বলেছেন গাভাস্কার।