দীনেশ কার্তিকের ব্যাটিং পজিশন নিয়ে পরামর্শ সঞ্জয় বাঙ্গারের, রবি বিষ্ণোইকেও প্রথম একাদশে চান তিনি
আপডেট করা - Jun 13, 2022 8:22 pm

সুনীল গাভাসকরের পর এবার দীনেশ কার্তিকের ব্যাটিং পজিশন নিয়ে মুখ খুললেন আরেক প্রাক্তন তারকা ক্রিকেটার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে ভারত। সেখানেই দীনেশ কার্তিককে খানিকটা ওপরের দিকে ব্যাটিং করতে পাঠানো উচিত্ বলেই মনে করছেন সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে দীনেশ কার্তিক আরও কিছুক্ষণ সময় পেলে রানের গতি আরও বাড়বে। গতম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীনেশ কার্তিকের আগে অক্ষর পটেলকে ব্যাটিং করতে পাঠিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচেও ব্যাটিং করার বিশেষ সুযোগ মেলেনি দীনেশ কার্তিকের। কিন্তু দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চূড়ান্ত ব্যার্থ হয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনআপ। সেই জায়গায় দীনেশ কার্তিকের পজিশনে হঠাত্ই ব্যাটিং করতে পাঠানো হয়েছিল অক্ষর পটেলকে। আর তা দেখে খানিকটা হলেও হতবাক হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। সুনীল গাভাসকর তো বলেই ফেলেছিলেন যে কেন অক্ষরকে দীনেশ কার্তিকের আগে ব্যাটিং করানো হল।
এবার যেন সেই সুরই খানিকটা শোনা গেল সঞ্জয় বাঙ্গারের মুখেও। তাঁর মতে দীনেশ কার্তিকের মতো ক্রিকেটারকে ব্যাটিং অর্ডারে আরও খানিকটা ওপরের দিকে পাঠানো উচিত্। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন দীন্শ কার্তিক। ফিনিশারের ভুমিকায় একের পর এক ম্যাচে বেঙ্গালুরুকে সাফল্য এনে দিয়েছিলেন তিনি। সেই দলেরই কোচিং স্টাফ ছিলেন সঞ্জয় বাঙ্গার। সেই অভিজ্ঞতা থেকেই দীনেশ কার্তিককে আরেকটু ওপরের দিকে ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন তিনি।
বিশাখাপত্তনমে ভারতীয় দলে বেশকিছু পরিবর্তনের পরামর্শ সঞ্জয় বাঙ্গারের
স্টার স্পোর্টসে এই প্রসঙ্গে সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, “আরসিসিবর হয়ে তাঁকে ১৩ তম ওভারেও খেলতে আসতে হয়েছে। সেই সময় অনেক স্পিনারদের বিরুদ্ধেও খেলতে হয়েছে দীনেশ কার্তিককে। কিন্তু ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত তাঁকে সেই কাজটা করতে দেখা যায়নি। তাঁকে ব্যাটিং অর্ডারে খানিকটা ওপরের দিকেই পাঠানো উচিত্”।
দ্বিতীয় ম্যাচে দীনেশ কার্তিক যখন ব্যাটিংয়ে এসেছিলেন, সেই সময় হাতে একেবারেই কম সময় ছিল। আর তাতেই সমস্যা বেড়েছিল। উইকেটও হাতে বেশী ছিল না। কিন্তু শেষের দিকে হলেও, দীনেশ কার্তিকের বেশ কয়েকটা বড় শটের সৌজন্যেই ভারত অন্তত দেড়শো রানের কাছে পর্যন্ত পৌঁছতে পেরেছিল। দীনেশকে সেই পজিশনে পাঠানোটাই খানিকটা হলেও অপছন্দের প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের।
শুধু দীনেশ কার্তিকই নয় আসন্ন ম্যাচে আরও একটি পরিবর্তনের কথা শোনা গিয়েছে তাঁর মতে। সঞ্জয় বাঙ্গারের মতে দ্বিতীয় লেগ স্পিনার হিসাবে রবি বিষ্ণোইকে খেলানো উচিত্। অক্ষর পটেল এখনও পর্যন্ত সেভাবে সফল হতে পারেননি। তাঁর জায়গাতেই রবি বিষ্ণোইকে খেলানোর পরামর্শ তাঁর। একইসঙ্গে আভেশ খানের জায়গায় অর্শদীপ সিংকেও আসন্ন ম্যাচে খেলানোর পরামর্শ দিচ্ছেন সঞ্জয় বাঙ্গার।