ঋষভের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন আশিস নেহেরা, চাহালকে মাত্র ২ ওভার বোলিং করতে দেখে হতবাক তিনি
আপডেট করা - Jun 10, 2022 2:08 pm

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতেই হার। ঋষভ পন্থের নেতৃত্বে সিরিজের প্রথম ম্যাচে বড় রান করেও জয় দেখতে পায়নি টিম ইন্ডিয়া। এর সেই ম্যাচ শেষ হতেই তরুণ অধিনায়ক ঋষভ পন্থের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন আশিস নেহেরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুজবেন্দ্র চাহালকে মাত্র ২ ওভার বোলিং করানোর সিদ্ধান্তই হকবাক করেছে আইপিএল জয়ী কোচকে। সেই জায়গা থেকেই ঋষভ পন্থের নেতৃ্ত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে ভারত।
দিল্লিতে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই টি টোয়েন্টির মঞ্চে বিশ্ব রেকর্ড গড়ত টিম ইন্ডিয়া। সেই মতো শুরুটাও করেছিল ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে ঈশান কিষাণ, হার্দিক এবং শ্রেয়সদের দাপটে রানের পাহাড়ও গড়ে তুলেছিল ভারতীয় দল। কিন্তু শেষরক্ষা হয়নি। বরং পাঁচ বল বাকি থাকতেই ভারতের ২১১ রানের লক্ষ্য পেরিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দলের কোনও বোলারই এই ম্যাচে প্রোটিয়া ব্যাটারদের সামনে দাঁড়াতে পারেননি।
বল হাতে তাড়াতাড়ি ৩ উইকেট তুলে নিতে পারলেও, ডেভিড মিলার ও ফান ডার ডুসেনের পার্টনারশিপেই সব শেষ হয়ে গিয়েছিল। তাদের ১২৭ রানের বিধ্বংসী পার্টনারশিপ ভারতের জয়ের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল। সেই পরিস্থিতিতেই যুজবেন্দ্র চাহালের মতো বোলারকে ব্যবহার না করার সিদ্ধান্তে হতবাক হয়েছেন আশিস নেহেরা। গোটা ম্যাচে চাহালকে দিয়ে মাত্র ২ ওভার কেন বোলিং করানো হয়েছে সেটাই বুঝে উঠতে পারছেন না তিনি। ভারতের ম্যাচ হারের পিছনে ঋষভ পন্থে এটাই অন্তম ভুল বলেও মনে করেন তিনি।
সদ্য সমাপ্ত আইপিএলে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে যুজবেন্দ্র চাহালের
ক্রিকবাজকে এই প্রসঙ্গে আশিস নেহেরা বলেছেন, “আমাকে এটাই খুব হতবাক করেছে যে চাহালের মতো বোলার মাত্র ২ ওভার বোলিং করেছেন এদিন। আমার মনে মিলার এবং ফান ডার ডুসেনে পার্টনারশিপ যখন বড় আকার নেওয়া শুরু করেছিল, সেই সময়ই যুজবেন্দ্র চাহালকে দিয়ে বোলিং করানো উচিত্ ছিল। আমার মনে হয় এই জায়গাতেই ঋষভ পন্থ বড় ভুল করেছিলেন। শুধু তাই নয় পাওয়ার প্লে-তে পাঁচজন বোলারকে ব্যবহার করতে দেখা গিয়েছিল তাঁকে”।
সদ্য সমাপ্ত আইপিএলে ২৭টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ মাথায় তুলেছিলেন যুজবেন্দ্র চাহাল। এরপরই ভারতীয় দলেও ডাক পেয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে থাকলেও, মাত্র ২ ওভার বোলিং করানো হয়েছিল তাঁকে। এদিন কোনও বোলারই সেভাবে মিলার-ফান ডার ডুসেবনদের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেননি। সেখানে নেহেরার মতে চাহালকে ব্যবহার করাই যেত।
এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ওভারে ২৬ রান দিয়েছিলেন চাহাল। নেহেরার মতে এমন পার্টনারশিপ ভাঙতে কখনোই ডিফেন্সিভ বোলিং কার্যকর নয়। নেহেরা মনে করেন এই দুই ব্যাটারের বিরুদ্ধে চাহালকে ব্যবহার করাই যেত।