আইপিএল মেগা নিলামে যে তিনটি দলের নজর থাকবে ডোয়েন ব্রাভোর দিকে
৫৬৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ব্রাভো
আপডেট করা - Feb 6, 2022 2:47 pm

আইপিএলের অন্যতম কিংবদন্তী বিদেশী ক্রিকেটার ডোয়েন ব্রাভো। বয়স বাড়লেও মাঠে তাঁর উৎসাহে ঘাটতি নেই এবং আশা করা যায় আরও বেশ কিছু বছর এই ৩৮ বছর বয়সী অলরাউন্ডার মাঠে দাপট দেখাবেন। ৫৬৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টির ইতিহাসের সর্বোচ্চ উইকেট-সংগ্রাহক ব্রাভো। ব্যাট হাতেও কম যান না, ২০টি হাফ সেঞ্চুরিসহ করে ফেলেছেন ৬৬৮৫ রান।
১৬৭ উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে। আর ৪ উইকেট নিলেই লাসিথ মালিঙ্গাকে টপকে যাবেন। এখনও অবধি আইপিএলে ১৫১টি ম্যাচ খেলে ১৫৩৭ রান করেছেন। গত সংস্করণে চেন্নাই সুপার কিংসের চতুর্থ শিরোপা জয়ের অভিযানে ব্রাভো ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মাত্র ৭.৮১ ইকোনমি রেটে। ২০১৩ ও ২০১৫ – দুটি সংস্করণে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ছিলেন ব্রাভো।
আইপিএল ২০২২ নিলামে ডোয়েন ব্রাভো নিজের ন্যূনতম মূল্য রেখেছেন ২ কোটি টাকা। ব্রাভোর অলরাউন্ড দক্ষতার দিকে নজর থাকবে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির। তা ছাড়া ব্রাভো টি-টোয়েন্টিতে একজন বর্ষীয়ান ক্রিকেটার। কীভাবে শিরোপা জিততে হয়, তিনি জানেন। এসব গুণের কারণে বেশ কিছু দলের কাছে তিনি একজন উপযুক্ত সংযোজন হতে পারেন।
দেখে নেওয়া যাক আসন্ন আইপিএল নিলামে ডোয়েন ব্রাভোকে দলে পেতে কোন তিনটি দল সবচেয়ে বেশী আগ্রহী হবে
১. পাঞ্জাব কিংস
এই বছর নিলামের আগে পাঞ্জাব সবচেয়ে কম খেলোয়াড় ধরে রেখেছিল – মাত্র দু’জন। নিলামের আগে সবচেয়ে অর্থ হাতে রয়েছে পাঞ্জাবেরই। পাঞ্জাব বিগত চারটি মরসুমে ষষ্ঠ স্থানের উপরে উঠতে পারেনি। এবার তারা তাই বিপুল পরিমাণ অর্থ নিয়ে নিলামে বেশ আগ্রাসী মনোভাব দেখাবে বলে আশা করা যায়। ব্রাভোকে দলে পেলে তারা এমন একজন অভিজ্ঞকে পাবেন যিনি ১৬টি টি-টোয়েন্টি ফর্ম্যাটে চ্যাম্পিয়ন হয়েছেন। সুতরাং পাঞ্জাব তাদের প্রথম আইপিএল ট্রফি ঘরে তোলার জন্য ব্রাভোর চেয়ে ভালো কাউকে পেতে পারে না।
তা ছাড়া বিগত বেশ কিছু মরসুম ধরেই পাঞ্জাব তাদের লোয়ার অর্ডার ব্যাটারদের থেকে রান পাচ্ছে না। ব্রাভো এলে সেই সমস্যা সমাধান করতে পারবেন। পাঞ্জাব যে দুজনকে ধরে রেখেছে, তাঁদের মধ্যে একজন অর্শদীপ সিং। তাঁর প্রধান অস্ত্র স্লোয়ার বোলিং এবং স্লোয়ার বোলিং বৈচিত্র্যে বিশ্বক্রিকেটে ব্রাভোর চেয়ে ভালো খুব কম ক্রিকেটারই আছেন। ডিজে ব্রাভোর সঙ্গে অর্শদীপের একটি ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে।
২. সানরাইজার্স হায়দ্রাবাদ
হায়দ্রাবাদ বিগত কয়েক মরসুম ধরে একজন ধারাবাহিক উইকেটশিকারী পেস বোলারের অভাবে ভুগছে। তার উপর রশিদ খান তাদের হাতছাড়া হয়ে গেছে। এমন অবস্থায় ব্রাভো হতে পারেন দলের আদর্শ খেলোয়াড়। কেন উইলিয়ামসনের মতো একজন ঠাণ্ডা মাথার অধিনায়ক ব্রাভোকে কার্যকরী উপায়ে সামলাতে পারবেন বলে আশা করা যায়।
এসআরএইচের হয়ে জেসন হোল্ডার বিগত কয়েক মরসুম ভালো খেলছেন, যদি তাঁকে হায়দ্রাবাদ আবার ফিরিয়ে আনে তবে তাঁর সঙ্গে ব্রাভো একটি ঘাতক জুটি গড়ে তুলতে পারবেন। তা ছাড়া হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্রাভোর পারফর্ম্যান্সও ভালো। ১০ উইকেট নিয়েছেন ৭.১০ ইকোনমি রেট এবং ১৪.৯০ গড়ে।
৩. চেন্নাই সুপার কিংস
১১ বছর ধরে সিএসকের বিশ্বস্ত সদস্য ডোয়েন ব্রাভোকে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি হাতছাড়া করতে খুব একটা উৎসাহী হবে না, এমন আশা করাই যায়। চেন্নাই বরাবর তাদের দলে স্থিতিশীলতা পছন্দ করে এবং সম্প্রতি খবরে প্রকাশিত হয়েছে যে চেন্নাই তাদের ২০২১ আইপিএল জয়ী দলের বেশ কিছু সদস্যকে নিলামের মাধ্যমে দলে ফিরিয়ে আনতে চায়ছে। সুতরাং চেন্নাই ব্রাভোর জন্য আইপিএলে ভালো মতোই ঝাঁপানোর ইঙ্গিত দিয়ে রেখেছে।
ব্রাভোকে চেন্নাইয়ের অধিনায়ক এমএস ধোনি মূলত ডেথ ওভারে বোলিং করানোর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকেন। ডেথ ওভারে ব্রাভোর বোলিং বৈচিত্র্য চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিন্নাস্বামী স্টেডিয়ামে খুবই কার্যকরী ভূমিকা রাখে। ২০২২ আইপিএলে হলুদ জার্সিতে ব্রাভোকে আবার সেই একই ভূমিকায় পাওয়ার জন্য চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি চেষ্টার ত্রুটি রাখবে না।