আইপিএল ২০২২: স্টেডিয়ামগুলির আসনসংখ্যার ২৫ শতাংশে দর্শক প্রবেশের অনুমতি দিল বিসিসিআই

২৩শে মার্চ দুপুর ১২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু

Wankhede Stadium
Wankhede Stadium. (Photo Source: Twitter)

বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বুধবার নিশ্চিত করেছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এর আসন্ন মরসুমের জন্য স্টেডিয়ামগুলিতে আসনসংখ্যার ২৫ শতাংশে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে৷ কোভিডের কথা মাথায় রেখে টুর্নামেন্টের লিগ পর্ব আয়োজিত হতে চলেছে মহারাষ্ট্রে। মোট চারটি স্টেডিয়ামে ম্যাচ হবে।

মুম্বাইয়ের তিনটি স্টেডিয়ামে হবে ৫৫টি লিগ ম্যাচ এবং পুনেতে হবে ১৫টি ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ডিওয়াই স্টেডিয়ামে হবে ২০টি করে ম্যাচ এবং মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও পুনের গাহুঞ্জেতে এমসিএ স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ১৫টি লিগ ম্যাচ।

২৬শে মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের সাথে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আইপিএল ২০২২-এর ১৫তম সংস্করণ শুরু হবে। এই ম্যাচটির দিকে ফ্যানরা অধীর আগ্রহে তাকিয়ে থাকবে কারণ এই ম্যাচটির মাধ্যমেই আইপিএলে দুই বছরের ব্যবধান শেষে আবার মাঠে সাধারণ ক্রিকেটপ্রেমীরা ফিরবেন। 

উপযুক্ত কোভিড প্রোটোকল মেনে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করানো হবে

সর্বকালের সবচেয়ে প্রত্যাশিত ক্রিকেট টুর্নামেন্টে তাদের প্রিয় খেলোয়াড়দের সমর্থন করার জন্য ক্রিকেট ভক্তরা প্রস্তুত থাকবেন নিঃসন্দেহে। অনুরাগীরা অফিসিয়াল ওয়েবসাইট www.iplt20.com-এ টুর্নামেন্টের লিগ পর্বের জন্য ২৩শে মার্চ দুপুর ১২টা থেকে টিকিট কিনতে পারবেন। এ ছাড়া www.BookMyShow.com-এ গিয়েও ভক্তরা টিকিট কাটতে পারবেন। 

কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখেই স্টেডিয়ামে ২৫ শতাংশের বেশী আসনসংখ্যা পূর্ণ করা হবে না। এর আগে মহারাষ্ট্র সরকারও আইপিএলে দর্শক প্রবেশের ব্যাপারে তাদের আগ্রহ জানিয়েছিল। এখন বিসিসিআইয়ের পক্ষ থেকেও সবুজ সংকেত চলে আসায় ক্রিকেটপ্রেমীরা প্রবল আগ্রহে মাঠমুখো হবেন বলে আশা করা যায়। 

যে মাঠে উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩৩ হাজার মতো দর্শক প্রবেশের ধারণ ক্ষমতা আছে। ২৬শে মার্চ সিএসকে বনাম কেকেআর ম্যাচে তাই প্রায় আট থেকে সাড়ে আট হাজার দর্শক থাকার সম্ভাবনা। তবে গত তিন বছরের মতো এই বছরও আইপিএলের প্রথম ম্যাচের আগে কোন উদ্বোধনী অনুষ্ঠান হবে না বলেই শোনা যাচ্ছে।

এর আগে মার্চের শুরুতে জারি করা একটি সরকারী বিবৃতিতে, মহারাষ্ট্রের রাজ্য সরকার বলেছিল, যেহেতু কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে, তাই পরিস্থিতি বিবেচনা করে, তারা মোট দর্শক আসনের ২৫% পূরণ করার কথা ভেবেছে এবং শুধুমাত্র সম্পূর্ণ টিকাপ্রাপ্ত দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হওয়ার ব্যাপারে এখনও এই একই সিদ্ধান্ত বজায় থাকে নাকি নতুন কোন নির্দেশিকা জারি হয় তা এখনও স্পষ্ট বলা যাচ্ছে না। 

close whatsapp