উপহার হিসেবে রয়্যালসের কাছে চাহালকে পাঠিয়েছে আরসিবি, এমনটাই মনে করেন ধারাভাষ্যকার
চাহাল ১১ উইকেট নিয়ে উইকেট-শিকারীদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে
আপডেট করা - Apr 20, 2023 2:52 pm

১৬১ ম্যাচে ১৮৩ উইকেট নিয়ে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমানে দলের বোলিং কোচ ডোয়েন ব্রাভো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ইতিহাসে সবচেয়ে বেশী উইকেট নেওয়ার রেকর্ড দখলে রেখেছেন। তবে এই রেকর্ডও ভেঙে যেতে পারে, যদি কিছু বোলার ধারাবাহিকভাবে পারফর্ম করে যান।
এমনই একজন বোলার যিনি ব্রাভোকে ছাড়িয়ে যেতে পারেন তিনি হলেন রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল। আইপিএল ২০২২-এ প্রথমবারের মতো জয়পুরের ফ্র্যাঞ্চাইজিতে খেলে চাহাল দুর্দান্ত প্রভাব ফেলেছিলেন এবং তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে টুর্নামেন্ট শেষ করেছিলেন। ১৭ ম্যাচে তাঁর সংগ্রহে ছিল ২৭ উইকেট এবং তিনি পার্পল ক্যাপ জিতেছিলেন।
বল হাতে সে ছিল আরসিবির সবচেয়ে মূল্যবান সম্পদ: কেভিন পিটারসেন
টুর্নামেন্টের ২০২২ সংস্করণের আগে চাহাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দল তাঁকে মেগা নিলামের আগে ছেড়ে দেয় এবং নিলামে তাঁকে ফিরিয়ে আনার জন্য কোনো প্রচেষ্টা না করে তাঁর জন্য বিড করতে আগ্রহী হয়নি। রাজস্থান রয়্যালস তাঁকে ৬.৫০ কোটি টাকায় কিনেছিল। এখন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন জানিয়েছেন যে চাহালকে ছেড়ে দিয়ে আরসিবি একটি গুরুতর ভুল করেছে।
“আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা উপহার হল রাজস্থান রয়্যালসকে চাহাল। ব্যাঙ্গালোর কীভাবে তাকে যেতে দিল তা একেবারেই জানি না। সবসময় উইকেট নিয়েছে, সে ম্যাচে তাদের দলের আশা টিঁকিয়ে রাখত। অবিশ্বাস্য যে সে এখন গোলাপী জার্সি পরে খেলছে। বল হাতে সে ছিল আরসিবির সবচেয়ে মূল্যবান সম্পদ,” ১৯শে এপ্রিল, বুধবার, আরআর বনাম এলএসজি ম্যাচে ধারাভাষ্য করার সময় পিটারসেন বলেছিলেন।
এই বছর আবারও চাহাল শীর্ষস্থানীয় উইকেট সংগ্রাহকদের মধ্যে রয়েছেন এবং ছয় ম্যাচে ১১ উইকেট নিয়ে লখনউয়ের মার্ক উডের সঙ্গে যুগ্মভাবে শীর্ষস্থানে রয়েছেন। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ২৬তম ম্যাচে চাহাল তাঁর চার ওভারের স্পেলে ৪১ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। তবে তিনি বছরের পর বছর ধরে একজন উইকেট-শিকারী বোলার হিসেবে প্রমাণিত হয়েছেন।
গত বছর ফাইনাল পর্যন্ত রাজস্থানের দৌড়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হওয়ার পরে সেবারই তারা দ্বিতীয়বারের জন্য আইপিএল ফাইনালে খেলেছিল। এবারও নিশ্চিতভাবে চাহাল পার্পল ক্যাপ জেতার লক্ষ্য রাখবেন।