প্লেঅফের ম্যাচ খেলতে তাঁর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নামার জন্য মুখিয়ে রয়েছেন ঋদ্ধিমান সাহা
আপডেট করা - May 21, 2022 4:31 pm

তিনি রয়েছেন এবার গুজরাত টাইটান্সে। আইপিএলের মঞ্চে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন ঋদ্ধিমান সাহা। কলকাতার দলে তিনি নেই ঠিকই। কিন্তু প্লেঅফের ম্যাচ খেলতে নিজের ঘরের মাঠেই নামতে চলেছেন ঋদ্ধিমান সাহা। ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ। বাকি সকলের জন্য নিরপেক্ষ ভেন্যু হলেও, ঋদ্ধিমান সাহা তো নামছেন তাঁর ঘরের মাঠে। আর তাতেই যেন আত্মবিশ্বাসটা আরও বেড়ে রয়েছে তাঁর। এখন শুধুই ঋদ্ধিমান সাহার ইডেন গার্ডেন্সে নামার অপেক্ষা।
এবারের আইপিএলে একেবারে শেষ মুহূর্তে আইপিএলে দল পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা। গুজরাত টাইটান্সে বেস প্রাইজেই গিয়েছেন তিনি। আইপিলের মঞ্চকেই বেছে নিয়েছিলেন নিজের সমস্তকিছুর জবাব দেওয়ার জন্য। প্রথম দিকে মাঠে নামার সুযোগ পাননি তিনি। ম্যাথু ওয়েড পরপর ব্যর্থ হওয়ার পরই গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলের মঞ্চে নামার সুযোগ চলে আসে ঋদ্ধিমান সাহার সামনে। আর সেই থেকেই নিজের পারফরম্যান্স প্রদর্শন করা শুরু করেন তিনি।
কখনোই মুখে বিশেষ জবাব দিতে পছন্দ করেন না ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আইপিএল শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেটে শোরগোল পড়ে গিয়েছিল ঋদ্ধিমান সাহাকে নিয়ে। দক্ষিণ আফ্রিকা সফরের পরই ভারতীয় দল থেকে বাদ পড়েন ঋদ্ধিমান সাহা। এরপরই সেই বিস্ফোরক মন্তব্য শোনা গিয়েছিল ঋদ্ধিমান সাহার মুখে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই তাঁকে রাহুল দ্রাবিড় এবং চেতন শর্মা যে বিদায়ের বার্তা দিয়ে দিয়েছিল , তা জানাতে দ্বিধা করেননি ঋদ্ধিমা সাহা।
চলতি আইপিএলে এই মুহূর্তে ৯ ম্যাচে ৩১২ রান রয়েছে ঋদ্ধিমান সাহার
শুধু তাই নয় ঋদ্ধিমান সাহার নিশানায় ছিলেন খোদ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তাঁর বিরুদ্ধে কথা দিয়েও সেই কথা না রাখার অভিযোগ সেদিন শোনা গিয়েছিল ঋদ্ধিমান সাহার মুখে। আইপিএলের মঞ্চে সুযোগ পাওয়ার পর থেকেই ব্যাট হাতে সমস্তকিছুর জবাব দিয়ে চলেছেন ঋদ্ধিমান সাহা। তিনি যে এখনও ফুরিয়ে যাননি, তা ঋদ্ধিমান সাহার আইপিএলে তিনটি অর্ধশতরানই প্রমাণ করে দেয়। কয়েকদিন আগেই তাঁর প্রশংসা শোনা গিয়েছিল গ্যারি কার্স্টেনের মুখেও।
এতদিন সকলে তাঁর পারফরম্যান্স মুম্বইয়ের মাঠে দেখেছেন। এবার ঋদ্ধিমান সাহা নামবেন তাঁর ঘরের মাঠে। একইসঙ্গে বোর্ড সভাপতিরও শহর কলকাতা। ইডেন গার্ডেন্সে একটা দুর্ধর্ষ পারফরম্যান্স করে যে তিনি ফের একটা বার্তা দিতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। তাই তো কলকাতা পৌঁছনোর আগেই সোশ্যাল সাইটে ঋদ্ধিমান সাহা তাঁর বার্তা দিয়ে রাখলেন। তিনি সেখানে লিখেছেন, “ইডেন গার্ডেন্সে প্লেঅফের ম্যাচ খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি”।
শেষম্যাচে গুজরাত টাইটান্স হারলেও, ঋদ্ধিমান সাহা কিন্তু ব্যাট হাতে সফলই হয়েছিলেন সেখানে। এছাড়া চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর অর্ধশতরানের সেই ইনিংসে ভর করেই সেই ম্যাচ জিতে নিয়েছিল গুজরাত টাইটান্স। তাঁর হাত ধরেই আইপিএলের প্লেঅফে শীর্ষস্থান পাকা করেছিল গুজরাত। ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে তিনটি অর্ধশতরান হয়ে গিয়েছে ঋদ্ধিমানের। ৯টি ম্যাচ খেলে ইতিমধ্যেই ঋদ্ধিমান সাহা করে ফেলেছেন ৩১২ রান। এবার তাঁর ঘরের মাঠে নামার পালা। সেখানেও ঋদ্ধির ব্যাট থেকে স্মরমণীয় কোনও ইনিংস দেখা যায় কিনা তারই অপেক্ষায় সকলে।