ডাব্লিউপিএল নিলাম ২০২৩: ভারতের কোন টিভি চ্যানেল ও অনলাইন লাইভ স্ট্রিমিংয়ে দেখতে পারবেন
নিলামে মোট ৪০৯ জন খেলোয়াড়ের নাম নথিভুক্ত করা হয়েছে
আপডেট করা - Feb 12, 2023 4:04 pm

অবশেষে অপেক্ষা শেষ হল। উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের জন্য খেলোয়াড়দের নিলাম ১৩ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পরে ভারতেও মহিলাদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ শুরু হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া সেই ইভেন্টের আলোচনায় মুখরিত। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে নিলামের ইভেন্টটি। বিশ্ব ক্রিকেটের বিশিষ্ট খেলোয়াড়দের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য আগ্রহী হবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি।
ডাব্লিউপিএল ২০২৩ নিলামের জন্য মোট ১৫২৫ জন খেলোয়াড় নাম নথিভুক্ত করেছিলেন, কিন্তু বিসিসিআই (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) তালিকাটি ৪০৯-এ নামিয়ে এনেছে। বহুল প্রতীক্ষিত নিলামে উপস্থিত হওয়া খেলোয়াড়দের মধ্যে ২১০ জন ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন। এর মধ্যে আটজন খেলোয়াড় আইসিসির সহযোগী সদস্য দেশের অংশ। এখনও আন্তর্জাতিক অভিষেক না হওয়া খেলোয়াড়ের সংখ্যা ১৯৯।
নিলামে প্রবেশ করা পাঁচটি ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকের কাছে ১২ কোটি টাকা থাকবে। শীর্ষ স্তরের খেলোয়াড়দের দলে যুক্ত করার উদ্দেশ্যে কৌশলী উপায়ে অর্থ ব্যবহার করতে চাইবে তারা। টি-টোয়েন্টি ফর্ম্যাটের বেশ কিছু প্রমাণিত পারফর্মার বিডিং যুদ্ধের কারণ হতে পারেন। সেরা খেলোয়াড়দের অধিগ্রহণ করতে দলগুলি কার্পণ্য করবে না একেবারেই।
মোট ২৪ জন খেলোয়াড়ের নাম ৫০ লাখ টাকার শীর্ষ বন্ধনীতে রয়েছে। তালিকার থাকা উল্লেখযোগ্য খেলোয়াড়্রা হলেন হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানা, শাফালি ভার্মা, ন্যাটালি সিভার-ব্রান্ট, মেগ ল্যানিং, অ্যাশলে গার্ডনার, ডিয়্যান্ড্রা ডটিন, সোফি একলস্টোন। এ ছাড়া ৩০ জন খেলোয়াড় তাঁদের বেস প্রাইস নির্ধারণ করেছেন ৪০ লাখ টাকা মূল্যে।
খেলোয়াড়দের নিলামের পরে ক্রিকেট মাঠের দিকে মনোযোগ সরে যাবে যেখানে ৪ঠা মার্চ থেকে শুরু হবে মহিলা প্রিমিয়ার লিগের ২০২৩ সংস্করণ। হাই-প্রোফাইল প্রতিযোগিতার ফাইনাল ২৬শে মার্চ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি কার্নিভালে থাকবে মোট ২২টি ম্যাচ। আয়োজক হিসেবে বাছা হয়েছে ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাটিল স্টেডিয়াম।
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা কীভাবে দেখবেন
টিভি – স্পোর্টস ১৮ নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা অ্যাপ