পরপর পাঁচ ম্যাচে হারের পরেও প্লে-অফে আরসিবি! জানুন কীভাবে সম্ভব

এখনও অবধি পয়েন্ট অর্জনে সক্ষম হয়নি আরসিবি

RCB Women's Team
RCB Women’s Team. (Photo by Pankaj Nangia/Getty Images)

১৩ই মার্চ, সোমবার, উইমেন’স প্রিমিয়ার লিগ ২০২৩-এ তাদের টানা পঞ্চম পরাজয়ের সম্মুখীন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস দুই বল বাকী থাকতে লক্ষ্য তাড়া করে আরসিবিকে ছয় উইকেটে পরাজিত করেছে। মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি চলমান মরসুমে তাদের চতুর্থ জয় অর্জন করলেও স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল এখনও জয়ের মুখ দেখেনি।

নিলামের সময় আরসিবি একটি তারকাখচিত স্কোয়াড গঠন করলেও, টুর্নামেন্টে তাদের ধারাবাহিকতার অভাব থাকায় এখনও প্রথম জয়ের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে তারা। ১১তম ম্যাচের পরে ডাব্লিউপিএলের পয়েন্ট তালিকায় সবার শেষে অবস্থান করছে আরসিবি।

লিগ পর্বে এখন আর মাত্র তিনটি ম্যাচ বাকি রয়েছে আরসিবির। ক্ষীণ হলেও প্লে-অফে ওঠার সম্ভাবনা রয়েছে তাদের। তবে এলিমিনেটরে জায়গা করে নিতে হলে বেশ কিছু ফলাফল আরসিবির পক্ষে হওয়া প্রয়োজন।

ডাব্লিউপিএল ২০২৩-এ কীভাবে আরসিবি প্লে-অফে জায়গা করে নেবে:

১. অবশিষ্ট তিনটি ম্যাচে জয়

স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দলকে তাদের সেরা পারফর্ম্যান্স বার করে আনতে হবে বাকী তিনটি ম্যাচে। অধিনায়ক মান্ধানা ব্যাট হাতে এখনও অবধি টুর্নামেন্টে ব্যর্থ হয়েছেন। জাতীয় দলের পেসার রেণুকা সিং ঠাকুরও ছন্দে নেই। দ্রুত এই দুই খেলোয়াড়কে ফর্মে ফিরতে হবে।

২. মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের জয়

আরসিবি চায়বে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস যেন গুজরাত জায়ান্টস ও ইউপি ওয়্যারিয়র্জের বিরুদ্ধে তাদের আসন্ন ম্যাচগুলি জেতে। গুজরাত এখনও পর্যন্ত মাত্র একটি জয় নথিভুক্ত করেছে এবং ইউপি ওয়্যারিয়র্জ দুটি জিতেছে। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল হিসেবে আধিপত্য বজায় রেখেছে, যেখানে দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে।

৩. ইউপি ওয়্যারিয়র্জের বিরুদ্ধে গুজরাত জায়ান্টসের জয়

আরসিবির ভাগ্য শুধু মুম্বাই ও দিল্লির জয়ের উপর নির্ভর করছে না। গুজরাত জায়ান্টস যদি ইউপি ওয়্যারিয়র্জকে হারাতে না পারে, তবে বিদায় নেবে আরসিবি। গুজরাত যদি ইউপিকে পরাজিত করে এবং মুম্বাই ও দিল্লির কাছে হারে, তবে তাদের চার পয়েন্ট হবে। অন্যদিকে ইউপি তাদের বাকি সব ম্যাচে হারলে তারাও চার পয়েন্ট নিয়ে শেষ করবে। আরসিবি বাকি তিনটি ম্যাচ জিতলে তারা গুজরাত ও ইউপিকে টপকে ছয় পয়েন্ট নিয়ে প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করবে।

close whatsapp