১১ অথবা ১৩ই ফেব্রুয়ারি হতে পারে ডাব্লিউপিএলের প্রথম সংস্করণের নিলাম

প্রাথমিকভাবে ৬ই ফেব্রুয়ারি নিলাম আয়োজিত হওয়ার কথা ছিল

Trailblazers vs Supernovas
Supernovas. (Photo Source: IPL/BCCI)

উইমেন্স প্রিমিয়ার লিগ (ডাব্লিউপিএল)-এর খেলোয়াড়দের নিলাম ১১ই ফেব্রুয়ারি দিল্লিতে বা ১৩ই ফেব্রুয়ারি মুম্বাইতে আয়োজিত হতে পারে। প্রাথমিকভাবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ৬ই ফেব্রুয়ারি খেলোয়াড়দের নিলাম করার কথা ভেবেছিল কিন্তু জানা গেছে যে ফ্র্যাঞ্চাইজি মালিকরা বোর্ডকে সেই তারিখে নিলাম না করার অনুরোধ করেছে।

টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণের জন্য পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজির প্রস্তুত হয়ে দল গোছাতে এক মাসেরও কম সময় রয়েছে। ২৫শে জানুয়ারি জানা গিয়েছিল কোন ফ্রাঞ্চাইজির মালিক কোন গোষ্ঠী হবে। অনেক ফ্র্যাঞ্চাইজিই মনে করেছিল দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে নিলামে দল গঠন করার জন্য প্রস্তুত হওয়া সম্ভব হবে না। তাই দিন পিছনোর অনুরোধ করা হয়েছিল।

এদিকে, নিলাম পিছিয়ে গেলেও উদ্বোধনী সংস্করণটি পূর্ব নির্ধারিত ৪ থেকে ২৪ মার্চের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে, নিলামে দল গঠনের পরে এক মাসেরও কম সময়ের মধ্যে টুর্নামেন্ট খেলতে নেমে যেতে হবে। নিলামের তারিখ বিলম্বিত হওয়ার পিছনে আরও একটি কারণ হল ফ্র্যাঞ্চাইজি মালিকরা দলের কোচিং স্টাফ একত্রিত করতে চায়ছেন নিলামে নামার আগে ।

এ ছাড়া ডাব্লিউপিএলের দলের মালিকরা চলমান আইএলটি২০ ও SA20 লিগেও বিনিয়োগ করেছেন। সেই দুই টুর্নামেন্টে তাদের দলের পারফর্ম্যান্সের দিকেও তাঁরা নজর রেখেছেন। ১২ই ফেব্রুয়ারি আইএলটি২০ এবং ১৩ই ফেব্রুয়ারি SA20 লিগের ফাইনাল রয়েছে। তাই ডাব্লিউপিএলের নিলাম পিছনোর যুক্তিসঙ্গত অনুরোধ রাখা হয়েছে।

শুধুমাত্র মুম্বাইতেই সীমাবদ্ধ থাকতে পারে ডাব্লিউপিএলের প্রথম সংস্করণ

ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুসারে, বিসিসিআই টুর্নামেন্টের প্রথম সংস্করণের সব কটি ম্যাচ মুম্বাইতে আয়োজন করতে চাইছে। ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও ডক্টর ডিওয়াই পাটিল জাতীয় ক্রীড়া অ্যাকাডেমিতে প্রতিযোগিতার ২২টি ম্যাচ আয়োজিত হবে।

আইসিসি মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৩ শেষ হবে ২৬শে ফেব্রুয়ারি শেষ হবে। সেই টুর্নামেন্টের অল্প সময়ের মধ্যে মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় বিভিন্ন জটিলতা তৈরী হতে পারে। সেই জটিলতা কমানোর উদ্দেশ্যেই একটি শহরে সীমাবদ্ধ করা হচ্ছে ডাব্লিইপিএল। শুধুমাত্র একটি শহরে খেলা হলে খেলোয়াড়দের ভ্রমণ এবং অন্যান্য চ্যালেঞ্জ এড়ানো যাবে। তবে এই পদক্ষেপের ফলে দলের মালিকরা খুশি নাও হতে পারে এবং পরবর্তী সংস্করণের জন্য তাঁরা পুরুষদের আইপিএলের মতো হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের আশা করতে পারে।

close whatsapp