ডাব্লিউপিএল ২০২৩, ম্যাচ ৮: আরসিবি বনাম ইউপি ওয়্যারিয়র্জ, প্রিভিউ, সম্ভাব্য একাদশ এবং সম্প্রচার বিবরণ
আরসিবি এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি
আপডেট করা - Mar 10, 2023 11:45 am

উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৩-এর অষ্টম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ইউপি ওয়্যারিয়র্জ মুখোমুখি হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এখনও পয়েন্ট অর্জন করতে পারেনি এবং সবচেয়ে নীচের অবস্থানে রয়েছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে হেরেছে।
অ্যালিসা হিলির নেতৃত্বাধীন ইউপি ওয়্যারিয়র্জ তাদের প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে একটি রোমাঞ্চকর জয় লাভ করেছিল। শেষ ১৯ বলে যখন দলকে ৫৯ রান করতে হত, তখনও ম্যাচকে হাতের বাইরে যেতে দেননি গ্রেস হ্যারিস ও সোফি একলেস্টোন। সেই রুদ্ধশ্বাস জয়ের পরে যদিও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার স্বীকার করতে হয়েছে ওয়্যারিয়র্জকে।
পিচ কন্ডিশন
ব্র্যাবোর্ন স্টেডিয়ামের পিচ ব্যাটারদের দারুণভাবে সহায়তা করছে। আরসিবি এখনও পর্যন্ত এই কেন্দ্রে তিনটি ম্যাচই খেলেছে, এবং সমস্ত ম্যাচেই ব্যাটারদের বড় রান করতে দেখা গেছে। টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং করার কথা ভাবতে পারেন। ১৮০-র কাছাকাছি স্কোর ওঠার সম্ভাবনা রয়েছে।
উভয় দলের কম্বিনেশন
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুর্নামেন্টে তাদের প্রথম জয়ের সন্ধানে থাকবে। আসন্ন ম্যাচে তারা প্রীতি বোসকে বাদ দিয়ে আশা শোবানাকে একাদশে ফিরিয়ে আনতে পারে। সাম্প্রতিক ম্যাচগুলিতে প্রীতি অনেক বেশী রান খরচ করেছেন।
সম্ভাব্য একাদশ: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, রিচা ঘোষ (উইকেটকিপার), পুনম খেমনার, কণিকা আহুজা, শ্রেয়াঙ্কা পাটিল, মেগান শুট, রেণুকা সিং ঠাকুর, আশা শোবানা।
ইউপি ওয়্যারিয়র্জ
ইউপি ওয়্যারিয়র্জ প্রথম ম্যাচের নায়ক গ্রেস হ্যারিসকে বাদ দিয়ে শাবনিম ইসমাইলকে একাদশে রেখেছিল। ইসমাইল হতাশ না করলেও ইউপি দলে প্রয়োজনীয় বিস্ফোরক ব্যাটিংয়ের অভাব দেখা গিয়েছিল মিডল অর্ডারে। তাই আবার হ্যারিসকে ফিরতে দেখা যাবে আরিসবির বিপক্ষে।
সম্ভাব্য একাদশ: অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটকিপার), শ্বেতা সেহরাওয়াট, কিরণ নাভগিরে, টাহ্লিয়া ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, সিমরান শেখ, দেবিকা বৈদ্য, সোফি একলস্টোন, অঞ্জলি সারভানি, পার্শবী চোপড়া।
সম্প্রচারের বিবরণ
ম্যাচের কেন্দ্র – ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বাই
ম্যাচের সময় – ১০ মার্চ, ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি – স্পোর্টস ১৮
লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা অ্যাপ