রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরার দাপটে দ্বিতীয় দিনের শেষে ফ্রন্টফুটে ভারত

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo by Stu Forster/Getty Images)

এজবাস্টনে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ফ্রন্টফুটে ভারত। দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্সের পর বল হাতেও ব্রিটিশদের রীতিমত নাস্তানাবুদ করল ভারতীয় দলের বোলাররা। বিশেষকরে জসপ্রীত বুমরাই। ব্যাট হাতে শেষ মুহূর্তে যেমন তাঁর ঝোরো ইনিংসের সৌজন্যে ভারত ৪০০ রানের গন্ডী টপকেছিল। তেমনই বল হাতে ইংল্যান্ডের টপ অর্ডারকেও ধসিয়ে দিয়েছিলেন তিনি। তাঁর  বিধ্বংসী বোলিংয়ের সামনে ৪৪ রানের মধ্যেই ফিরে যান জ্যাক ক্রলি, অ্যালেক্স লিস এবং অলি পোপ। প্রথম ইনিংসে এদিন ভারত থেমেছিল ৪১৬ রানে। তাঁর জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৫ উইকেটে ৮৪ । ব্রিটিশরা পিছিয়ে রয়েছে ৩৩২ রানে।

প্রথম দিন শুরুর দিকে পরপর উইকেট খুইয়ে ভারত চাপে পড়ে গেলেও, সেখান থেকে টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরান ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। দুই তারকার ২২২ রানের পার্টনারশিপে ভর করেই ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে ফিরেছিল ভারতীয় দল। সেইসঙ্গে বড় রানের ভিতটাও প্রস্তুত করে ফেলেছিল টিম ইন্ডিয়া। যদিও প্রথম দিন ঋষভ পন্থকে থামতে হয়েছিল ১৪৬ রানে। প্রথম দিন ৮৩ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা।

এজবাস্টনে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে এদিন সেঞ্চুরী পেলেন রবীন্দ্র জাদেজা

৭ উইকেটে ৩৩৮ রান নিয়ে দ্বিতীয় দিন খেলা শুরু করে ভারত। দেশের হয়ে টেস্টের মঞ্চে কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরীটা এদিন করেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। তাঁর গোটা ইনিংসটি সাজানো ছিল ১৩টি বাউন্ডারি দিয়ে। আর তাতেই ভারতীয় দলের রানও রীতিমত পাহাড়ে চড়তে শুরু করেছিল। যদি্ও রবীন্দ্র জাদেজার লড়াই থামে ১০৪ রানে। তিনি যখন ফেরেন তখন ভারতের রান ছিল ৯ উইকেটে ৩৭৫।

এরপরই ব্যাট হাতে মাঠে ঝোরো ইনিংস খেলা শুরু করেন জসপ্রীত বুমরাহ। স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে এক ওভারে ৩৫ রান তুলে নেন জসপ্রীত বুমরাহ। একইসঙ্গে বিশ্বরেকর্ডও গড়েন তিনি। টেস্টের এক ওভারে  সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন জসপ্রীত বুমরাহ। স্টুয়ার্ট ব্রডের ৩৫ রানের মধ্যে ২৯ রান করেন জসপ্রীত বুমরাহ। আর তাতেই ভারতের রানও পৌঁছে যায় ৪০০ রানের গন্ডীতে। যদিও শেষপর্যন্ত মহম্মদ সিরাজ আউট হতেই ৪১৬ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস।

এরপর ইংল্যান্ড ব্যাটিং করতে নামলে, বল হাতে দাপট দেখানো শুরু অধিনায়ক জসপ্রীত বুমরার। শুরুতেই ১৬ রানের মধ্যে এক উইকেট তুলে নেন তিনি। এরপরই শুরু বৃষ্টি। মধ্যাহ্নভোজ পর্যন্ত ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে  ১৬। এরপর ম্যাচ শুরু হলে মাঠে জসপ্রীত বুমরার দাপট ছিল অব্যহত। ইংল্যান্ডের টপ অর্ডারকে একাই ধসিয়ে দেন বুমরাহ। প্রথম তিন উইকেটই তুলে নেন তিনি। যদিএ ক্রিজে জো রুটের উপস্থিতি তখনও পর্যন্ত পুরোপুরি স্বস্তি দিচ্ছিল না ভারতকে।

কিন্তু তাঁকে ৩১ রানে থামিয়ে মহম্মদ সিরাজ সেই স্বস্তিটা এনে দেন ভারতীয় শিবিরে। দিনের শেষে শেষে ইংল্যান্ড এখনও ভারতের থেকে পিছিয়ে ৩৩২ রানে।