এশিয়া কাপ আয়োজন নিয়ে শ্রীলঙ্কার পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে, জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
আপডেট করা - Jul 26, 2022 2:15 pm

আগামী অগস্টে শ্রীলঙ্কায় এশিয়া কাপ হওয়ার কথা। কিন্তু শ্রীলঙ্কার পরিস্থিতি হঠাত্ই বদলে গিয়েছে। গোটা শ্রীলঙ্কা জুড়ে আর্থিক মন্দায় রাস্তায় নেমেছে সাধারণ জনগন। গোটা দেশ জুড়ে শুরু হয়েছে এক রাজনৈতিক টালমাটাল অবস্থা। এই পরিস্থিতিতেই শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে যে উদ্বেহ দেখা গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনই শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার পক্ষপাতী নয়। পরিস্থিতির ওপর নজর রেখে আগামী এক মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
গোটা শ্রীলঙ্কা জুড়ে দেখা দিয়েছে এক আর্থিক অনাবস্থা। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে খাদ্য সামগ্রী শ্রীলঙ্কায় সমস্তকিছুর দামই মাত্রা ছাড়িয়েছে। দিন যত এগিয়েছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের অবস্থা ততই অসহনীয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সহ্যের সীমা ভেঙেছে লঙ্কাবাসীর। রাস্তায় প্রতিবাদে সামিল হয়েছে অসংখ্য শ্রীলঙ্কাবাসী। গোটা দেশ জুড়ে দেখা দিয়েছে জনবিক্ষোভ। আর তাতেই আসন্ন এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়া নিয়ে সংশয় দেখা দিতে শুরু করেছে।
যদিও বিসিসিআই এখনও পর্যন্ত ধীরে চলো নীতিতেই হাঁটতে চলেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলও সেই রাস্তাতেই হাঁটছে। যদিও শোনাযাচ্ছে শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশকে আয়োজনের জন্য প্রস্তুত থাকতে বলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কিন্তু এখনই শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারা নিতে নারাজ। বরং শ্রীলঙ্কার পরিস্থিতির ওপর নজর রেখেই চলছে সকলে। কিন্তু শ্রীলঙ্কার পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে সেখানে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা ক্রমশই কমছে।
আগামী অগস্টে শ্রীলঙ্কায় এশিয়া কাপ শুরু হওয়ার কথা
দেশের প্রধানমন্ত্রী আগেই ক্ষুব্ধ জনতার চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কয়েকদিন আগেই শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নিজের পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি দেশ ছেড়েও পালিয়ে গিয়েছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনের দখল নিয়েছেন সেখানকার সাধারণ নাগরিক। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভববনে প্রবেশ কার সেই ছবি ভাইরাল হতে সময় নেয়নি এক মুহূর্তও। শুধু তাই নয় প্রধানমন্ত্রীর বাসভবনও আগুন ধরিয়ে দিয়েছিলেন ক্ষুব্ধ জনতা। গোটা শ্রীলঙ্কা জুড়ে তৈরি হয়েছে এক টাল মাটাল অবস্থা।
এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন ঘিরে দেখা দিয়েছে এক বিরাট সংশয়। শুরু হয়ে গিয়েছে সেখানে প্রতিযোগিতা হওয়া নিয়ে জল্পনা। যদিও বিসিসিাই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন “এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেছেন, এই মুহূর্তে এই বিষয় নিয়ে কোনওরকম মন্তব্য করতে পারব না আমি। কতবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া সেখানে খেলেছে। শ্রীলঙ্কাও ভাল পারফরম্যান্স দেখিয়েছে। এই মাসটা আমাদের ধৈর্। ধরে থাকতেই হবে”।
এখনও পর্যন্ত কোনওরকম চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, শ্রীলঙ্কার পাশাপাশি বিকল্পভাবনা যে শুরু হয়ে গিয়েছে তা নিয়ে কোনও সংশয় নেই। শ্রীলঙ্কায় এশিয়া কাপ না করা গেলে, সেক্ষেত্রে শোনাযাচ্ছে বাংলাদেশকেই নাকি প্রস্তুত রাখছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষা।