বেশ কিছু জায়গায় ভুলের জন্যই এই পরিণতি, মানছেন লোকেশ রাহুল

KL Rahul
KL Rahul. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

টেস্টের পর একদিনের সিরিজেও হার। টেস্টে প্রথম ম্যাচ জিতে শুরু করেছিল ভারত। যদিও শেষপর্যন্ত সিরিজ জয় হয়নি। কিন্তু একদিনের সিরিজে এখনও পর্যন্ত জয়ের খাতাই খুলতে পারেনি ভারত। পার্লে পরপর দু ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। আর তারপর থেকেই যে ভারতের হার নিয়ে নানান প্রশ্ন উঠবে, তা তো বলাই বাহুল্য। ম্যাচের শেষের পর থেকেই শুরু হয়েছে হিসাব নিকাশ। নানান প্রশ্নের ঘুরপাকএ খাচ্ছে বিভিন্ন মহলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত যে বহু ভুল করেছে, তা মানতে দ্বিধা করেননি ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।

প্রথম ম্যাচে ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। বিশেষ করে মিডল অর্ডার মাথা তুলে দাঁড়াতেই পারেনি। যা নিয়ে আফসোসের সুর শোনা গিয়েছিল লোকেশ রাহুল থেকে শিখর ধওয়ানের গলায়। দ্বিতীয় ম্যাচে সেই জায়গায় খানিকটা মেরামতি হলেও, প্রোটিয়া ব্যাটারদের বিরুদ্ধে তেমনভাবে দাগই কাটতে পারেননি ভারতীয় বোলাররা। আর সেই চাপ তৈরি করতে না পারার জন্যই যে ম্যাচের এই ফলাফল, তা মেনেও নিয়েছেন লোকেশ রাহুল।

ম্যাচ শেষে তিনি জানান, “আমি মনে করি নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা যথেষ্ট ভাল ক্রিকেট খেলেছে। ওদের বিরুদ্ধে বহু জায়গায় জায়গায় ভুল করেছি আমরা। তারই খেসারত দিতে হয়েছে। আবারও সেই মিডল ওভারেই সমস্যা হয়েছে। তবে এতটুকুতেই ভেঙে পড়ছি না আমরা। এই হার থেকেই শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবো”।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল। কিন্তু শুরুতেই মাত্র ৬৪ রানের মধ্যে ধওয়ান ও কোহলি দুই সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাজঘরে ফিরে যান। যদিও এরপরই মিডল অর্ডারে হাল ধরেনঋষভ পন্থ। সঙ্গে লোকেশ রাহুলেরও রয়েছে অর্ধশতরান। ভারতীয় শিবিরে সর্বোচ্চ রান এদিন করেন ঋষভ পন্থ। কিন্তু সেই রানের হাত ধরে কাঙ্খিত জয় ভারতের আসেনি।

যদিও প্রোটিয়াদের বিরুদ্ধে এদিন লড়াই করার মতো রান কিন্তু তারা তুলতে পেরেছিল। লোয়ার অর্ডারে এদিনও দুরন্ত ব্যাটিং প্রদর্শন করেছিলেন শার্দূল ঠাকুর। ২৮৭ রান করেছিল ভারত। কিন্তু এদিন সেইভাবে জ্বলে উঠতে পারেননি বোলাররা। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার তিন উইকেটের বেশী তুলতে পারেননি তারা।

এদিনও সেই ছবিই ধরা পড়ল। আর সেখানেই যে স্ট্র্যাটেজি থেকে আরও বেশ কিছু জায়গায় ভুল হয়েছে ভারতীয় দলের, তা রাহুলের কথাতেই স্পষ্ট। যদিও সিরিজে এখনও একটা ম্যাচ বাকি রয়েছে। আর সেটা জিতেই দেশে ফিরতে চায় ভারতীয় দল। পরপর দু ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়ে গেলেও, কেপটাউনে শেষ ম্যাচ জিতে মানরক্ষা করতেই এখন মরিয়া টিম ইন্ডিয়া।

close whatsapp