ক্যারিবিয়ান সফরে সুযোগ না পাওয়ায় পর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানালেন সরফরাজ খান
আপডেট করা - Jun 25, 2023 12:13 pm

সম্প্রতি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট এবং ওডিআই দল ঘোষণা করেছে। দুর্ভাগ্যবশত, এবারেও দলে সুযোগ পাননি প্রতিভাবান ব্যাটার সরফরাজ খান। তিনি রঞ্জি ট্রফিতে টানা বেশ কয়েকটি মরসুমে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছেন। তবুও ভারতীয় দলের নির্বাচকরা তার মতো একজন ফর্মে থাকা ক্রিকেটারকে দলে নেওয়ার প্রয়োজন বোধ করছেন না।
এমন নয় যে ওয়েস্ট ইন্ডিজ সফরে নির্বাচকরা কোনও তরুণ খেলোয়াড়কে দলে রাখেননি। যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড়, নবদীপ সাইনি এবং মুকেশ কুমারের নাম আমরা দলে দেখতে পাচ্ছি। কিন্তু টানা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করা সত্ত্বেও জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না সরফরাজ খান।
সরফরাজ খান ৩৭টি প্ৰথম শ্রেণীর ম্যাচ খেলে ৩৫০৫ রান করেছেন। ২০২২-২৩ রঞ্জি ট্রফি মরসুমেও তার ব্যাট থেকে খুব ভালোভাবে রান এসেছিল। তিনি ৬টি ম্যাচ খেলে ৫৫৬ রান সংগ্ৰহ করতে সক্ষম হয়েছিলেন। তার গড় ছিল ৯২.৬৬। এত ভালো ব্যাটিংয়ের প্রদর্শন করার পর যেকোনো খেলোয়াড়ই জাতীয় দলে সুযোগ পাওয়ার আশা করবেন। কিন্তু বারবার ভারতের নির্বাচকদের দ্বারা অবহেলিত হওয়ার কারণে হতাশ হয়ে পড়েছেন সরফরাজ।
সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টোরি পোস্ট করেছেন সরফরাজ খান। তিনি কোনো ক্যাপশন ছাড়াই একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওটির মাধ্যমে তিনি সকলের সামনে রঞ্জি ট্রফিতে তার ব্যাটিংয়ের বেশকিছু মুহূর্ত তুলে ধরেছেন।
Sarfaraz Khan's latest Instagram Story after he wasn't selected for West Indies Tests. 👇🏻👇🏻 pic.twitter.com/ITzJMl7QUD
— Harshit Bisht (@rk_harshit29) June 25, 2023
সরফরাজ খানের পাশে দাঁড়িয়েছেন সুনীল গাভাস্কার
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার এই প্রতিভাবান ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন। অনেকেই মনে করেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে সরফরাজ খানের নাম থাকবে। কিন্তু অন্যান্য তরুণ ক্রিকেটারদের পাশে তিনি নিজের নাম যোগ করতে পারেননি।
সুনীল গাভাস্কার বলেন, ইন্ডিয়া টুডে-কে সুনীল গাভাস্কার বলেন, “সরফরাজ খান গত তিন মরসুমে ১০০ গড়ের সাথে রান করেছেন। আর কি করলে তাকে দলে নেওয়া হবে? তিনি একাদশে নাও থাকতে পারেন, কিন্তু আপনি তাকে অন্তত দলে নিন। তাকে বলুন যে তার পারফরম্যান্স স্বীকৃত হচ্ছে। নাহলে রঞ্জি ট্রফি বন্ধ করে দিন। বলুন, এটা খেলে কোনো লাভ নেই, আপনি শুধু আইপিএল খেলুন এবং মনে করুন যে আপনি লাল বলের খেলার জন্যও যথেষ্ট ভালো।”
ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।