টুইট করে সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন করলেন বিরাট কোহলি
জানালেন সতীর্থদের পারফরম্যান্সে গর্বিত
আপডেট করা - Oct 12, 2021 3:42 pm

আইপিএল এলিমিনেটরে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হেরে যাওয়ার পর অধিনায়ক বিরাট কোহলি একটি আন্তরিক নোট পোস্ট করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। গতকাল কলকাতা নাইট রাইডার্স আরসিবিকে চার উইকেটে হারিয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তোলে ১৩৮ রান। কিন্তু দুই বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। ফলে আইপিএল ট্রফির প্রতীক্ষা আরো বাড়ল কোহলির। তিনবার ফাইনালে গেলেও আরসিবি তিনবারের একবারও জিততে পারেনি। শেষবার তারা ফাইনালে গিয়েছিল ২০১৬-য়, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হেরে যায়।
ছেলেরা গোটা মরসুম জুড়ে যে মনোভাব দেখিয়েছে তাতে গর্বিত
অধিনায়ক হিসেবে দায়িত্ব ছাড়ার পর সমর্থক, টিম ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফদের নিরন্তর সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিরাট। টুইটারে তিনি লেখেন, “অবশ্যই এই ফলাফলটা আমরা চাইনি। কিন্তু আমাদের ছেলেরা গোটা মরসুম জুড়ে যে মনোভাব দেখিয়ে খেলে গেছে তার জন্য আমি গর্বিত। শেষটা হতাশাজনক হল কিন্তু আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সমস্ত সমর্থক, ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফদের অবিরত সহায়তা ও সমর্থনের জন্য।”
Not the result we wanted but I am so proud of the character shown by the boys throughout the tournament. A disappointing end but we can hold our heads high. Thank you to all the fans, management & the support staff for your constant support. 🙏 @RCBTweets pic.twitter.com/VxZLc5NKAG
— Virat Kohli (@imVkohli) October 12, 2021
পরের মরসুম থেকে তিনি আর ব্যাঙ্গালোরের অধিনায়ক থাকবেন না। এই ম্যাচটিই ছিল আরসিবি অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ। বিগত ১১ বছরে কোহলি মোট ১৪০টি ম্যাচে আরসিবির অধিনায়কের দায়িত্ব সামলেছেন। তার মধ্যে তিনি ৬৬ ম্যাচে জয় লাভ করেছেন এবং হেরেছেন ৭০টি ম্যাচে।
অধিনায়ক হিসেবে দায়িত্ব ছাড়লেও বিরাট কোহলি স্পষ্ট করে দিয়েছেন ক্রিকেটার হিসেবে তিনি অন্য কোথাও যাচ্ছেন না। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে তিনি পরিষ্কার জানিয়েছেন যতদিন আইপিএল খেলবেন ততদিন তিনি ব্যাঙ্গালোরের হয়েই খেলা চালিয়ে যাবেন। এই প্রসঙ্গে কোহলি বলেন, “এই ফ্র্যাঞ্চাইজিকে আমি সব সময় আমার ১২০ শতাংশ দিয়েছি এবং ভবিষ্যতেও দিয়ে যাব। পরবর্তী তিন বছরের জন্য তৈরী হতে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করার এটাই আদর্শ সময়। নিঃসন্দেহে আমি আরসিবির হয়ে খেলা চালিয়ে যাব। আমার কাছে পার্থিব চাহিদার চেয়ে আনুগত্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আইপিএলে আমি যতদিন খেলছি, ততদিন এই দলের হয়েই খেলা চালিয়ে যাব।”
ভারতের টি-২০ দলের অধিনায়কত্বও ছাড়ছেন বিরাট। সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হতে চলা আসন্ন টি-২০ বিশ্বকাপেই তাঁকে শেষবারের মতো ভারতের অধিনায়ক হিসেবে দেখা যাবে।